কর্মকর্তা-কর্মচারীদের বেতন নেই ১০ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রহমান কোটচাঁদপুর পৌরসভার সাধারণ বিভাগের পিয়ন। চাকরি করছেন প্রায় ২০ বছর। তাঁর মাসিক বেতন ছয় হাজার ২০০ টাকা। এই বেতনের টাকা দিয়েই স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যের সংসার চালাচ্ছিলেন তিনি। কিন্তু গত ১০ মাস তাঁর বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।আবদুর রহমান একা নন, কোটচাঁদপুর পৌরসভার ৫২ জন কর্মকর্তা গত ১০ মাস তাঁর মতো বেতন পাচ্ছেন না। ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভায় ৩০ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ ছাড়া অস্থায়ী কর্মচারী রয়েছেন ২২ জন।পৌরসভার কর আদায়কারী রেজাউল হক জানান, পৌরসভায় যে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, তা সম্পূর্ণ না হলেও সিংহভাগ আদায় হয়ে যায়। আর মাত্র কয়েক মাস চাকরি আছে, তারপর অবসরে যাবেন তিনি। কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে যে ঝামেলা হচ্ছে, তা আগে কখনো দেখেননি।পৌরসভার হিসাব রক্ষক আবদুস সালাম খান জানান, তহবিলসংকটে মূলত তাঁরা বেতন পাচ্ছেন না। তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন।পৌরসভার সচিব এনামুল হক জানান, আর্থিকসংকটে কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সবাই ১০ মাস বেতন পান না, এটা ঠিক নয়। অনেকে কিছু কিছু বেতন পেয়েছেন।পৌরসভার মেয়র সালাউদ্দিন বুলবুল জানান, আর্থিকসংকটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে। জনপ্রতিনিধিদের সম্মানীও বাকি রয়েছে। তাঁদের বেতন কীভাবে পরিশোধ করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছেন বলে তিনি জানান।