কর্মকর্তা-কর্মচারীর ১২টি পদের মধ্যে ১০টিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর ১২টি পদের মধ্যে ১০টিই শূন্য।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২০ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তা অবসরে চলে যাওয়ার পর ওই পদ শূন্য হয়। এর আগ থেকে সহকারী শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদের মধ্যে চারটি পদ শূন্য ছিল। এ ছাড়া একজন উচ্চমান সহকারী, একজন অফিস সহকারী, একজন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়কের পদ শূন্য। বর্তমানে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) ও একজন অফিস সহকারী দিয়ে কোনো রকমে কার্যালয়ের কার্যক্রম চলছে।

কয়েকজন শিক্ষক বলেন, কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য থাকায় তাঁদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

উপজেলায় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬ হাজার ১৪০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

গত ১২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কমিটির সভা হয়। সভায় জরুরি ভিত্তিতে উল্লিখিত পদগুলো পূরণের দাবি জানানো হয়।

কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদে পদায়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে ঠিকমতো পাঠদান হয় কি না অথবা শিক্ষকেরা নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে যাওয়া-আসা করেন কি না, তা দেখার কেউ নেই। এ ছাড়া কর্মচারীস্বল্পতার কারণে অফিসের কাজ পড়ে থাকে। এতে শিক্ষকদের নানা হয়রানির শিকার হতে হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।