কর্মকর্তা-কর্মচারীর ৮ পদ শূন্য, কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে জনবল-সংকট প্রকট আকার ধারণ করেছে। দুটি কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীর ১২টি পদের মধ্যে আটটিই শূন্য রয়েছে। এ কারণে এই সময়ে বিনা মূল্যের বই বিতরণসহ শিক্ষা কার্যালয়গুলোর স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, সদর উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন পুলিন রায়। এই কার্যালয়ে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ও হিসাবরক্ষকের পদ শূন্য রয়েছে। দক্ষিণ সুরমা উপজেলায় দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, হিসাবরক্ষক, এমএলএসএস ও গার্ডের পদ শূন্য রয়েছে। এখানে শুধু সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে একজন কর্মরত আছেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, গত অক্টোবর থেকে দুটি উপজেলার প্রায় দুই শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই বিতরণের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ১৩ লাখ বই বিতরণ করা হয়। কর্মচারী না থাকায় শিক্ষা কর্মকর্তাদের বই বিতরণ করতে হচ্ছে।
সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন রায় বলেন, ‘দুটি উপজেলার মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ, মাধ্যমিক, কলেজ ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া, দাপ্তরিক সভা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা—সবকিছু আমাকেই দেখভাল করতে হচ্ছে। লোকবল-সংকট থাকায় বাধ্য হয়ে দিন-রাত কাজ করতে হচ্ছে।’
পুলিন রায় আরও জানান, কর্মচারীর সংকট থাকায় কোনো প্রবীণ শিক্ষক বা সম্মানিত ব্যক্তি কার্যালয়ে এলে তাঁকেই বাইরে গিয়ে চা-বিস্কুট আনতে হয়। জনবল-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কর্মকর্তার সংকট খুব একটা না থাকলেও কর্মচারীর সংকট রয়েছে। এ সংকট কাটাতে নতুন নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। তবে একটি মামলার কারণে ওই নিয়োগ-প্রক্রিয়া আপাতত বন্ধ রয়েছে। ওই মামলার মীমাংসা হলেই শূন্য পদগুলো দ্রুত পূরণের চেষ্টা করা হবে।