কর্মকর্তা-কর্মচারীরা ছয় মাস বেতন পান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ২০ কর্মকর্তা-কর্মচারী ছয় মাস ধরে বেতন পান না। এ কারণে তাঁরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, গত বছরের অক্টোবর মাস থেকে ২০ কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন না। এ ছাড়া নয় মাস ধরে ১২ জন ওর্য়াড পৌর কাউন্সিলের ভাতা বকেয়া রয়েছে বলে জানা গেছে। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভার যাত্রা শুরু হয়। শুরুর দুই বছর পর ২০০৬ সাল থেকে পৌর এলাকায় কর আদায় করা হয়। তৎকালীন বিএনপি সরকারের আমলে পৌর প্রশাসক হিসেবে বাঘাইছড়ির বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবুকে নিয়োগ দেওয়া হয়। বিএনপি সরকার মেয়াদ শেষ হওয়ার পর উপজেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পরে অনেক জল্পনা-কল্পনার পর ২০১২ সালে ৮ জানুয়ারি পৌর নির্বাচন হয়। এতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর কবির প্রথম পৌর মেয়র নির্বাচিত হন।কর্মচারী মো. নাসির বলেন, সারা মাস চাকরি করে মাস শেষে বেতন পাই না। ছয় মাস ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। পৌরসভার প্রকৌশলী দীপন চাকমা বলেন, ছয় মাস ধরে বেতন বকেয়া রয়েছে। পৌরসভার আয় অনুযায়ী ব্যয় বেশি। সে জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। পৌর মেয়র মো. আলমগীর করিব বলেন, পৌরকর প্রায় ৩০ লাখ টাকা বকেয়া রয়েছে। এলাকার লোকজন কর দিতে চায় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পৌর মেয়র নির্বাাচিত হওয়ার আগে কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের বেতন-ভাতা বকেয়া ছিল।