কর্মকর্তা-কর্মচারীরা বেতন পান না নিয়মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন না। ঈদের আগে ১১ মাসের বকেয়া বেতন থেকে কর্মকর্তা কর্মচারীরা পেয়েছেন মাত্র দুই মাসের বেতন।
বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজা বলেন, তাঁর মেয়াদকালে শ্রমিকদের বকেয়া হওয়া বেতনের পুরোটাই পরিশোধ করবেন। তবে তিনি দায়িত্ব নেওয়ার আগে বকেয়া হওয়া বেতনের দায়িত্ব নিতে পারবেন না।
কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, বছরের শেষে প্রাপ্ত রাজস্ব আয় থেকে ঈদের আগে সমস্ত বকেয়া বেতন দেওয়া হবে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু ঈদের আগে মাত্র দুই মাসের বেতন পেয়েছেন। তাঁরা বলেন, বেতনের আশায় এত দিন দোকানে বকেয়া করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণও নিয়েছেন। এখন দেনা পরিশোধ করতে না পারায় দোকানিরাও বাকি দিতে গড়িমসি করছেন।
রাজস্ব ও হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অধীনে পৌরসভায় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতীকরণ প্রকল্প (ইউজিআইআইপি) চলছে। এডিবির শর্ত ছিল, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রাখা যাবে না। তবে প্রকল্প অনুমোদনের জন্য পৌরসভার ৫৪ জন নিয়মিত কর্মকর্তা-কর্মচারী ও প্রায় ১৫০ জন অনিয়মিত পরিচ্ছন্নতাকর্মী বেতন বকেয়া নেই মর্মে সত্যয়িত করেছিলেন। প্রকল্পটির অনুমোদন পাওয়া গেলেও তাঁরা এখন বেতন-ভাতা পাচ্ছেন না।
প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ইউজিআইআইপি দ্বিতীয় পর্যায় প্রকল্পের বাস্তবায়ন ছাড়া গত ১০ বছরে পৌরসভার নিজস্ব তহবিলে কোনো উন্নয়নকাজ হয়নি। গৃহ ও ভূমি কর ছাড়া নিজস্ব আয়ের কোনো উৎস না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া ছাড়াও বিশাল অঙ্কের বিদ্যুৎ, পানি ও জ্বালানি তেলের বিলও অপরিশোধিত অবস্থায় পড়ে রয়েছে।
পৌরসভার মেয়র বলেন, বান্দরবান পৌরসভার আয়ের উৎস নেই। হাটবাজার, টোল পয়েন্টসহ সবকিছু জেলা পরিষদ নিয়ন্ত্রণ করে। কিন্তু আয় না থাকলেও পৌরসভার আকার ও ব্যয় বেড়ে চলেছে। এ অবস্থায় কিছু অসংগতি দেখা দিয়েছে। প্রয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে হলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।