কর্মকর্তা থেকে কর্মচারী হওয়ার আনন্দ এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা দুজন কর্মচারী, কর্মচারী ইউনিয়নের নেতা থাকতে চান। পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হয়েছিল তাঁদের। কিন্তু মামলা করে জিতে এসে আবার কর্মচারী হয়েছেন। আর সেই আনন্দে মাতোয়ারা দুজন সংবর্ধনা নিয়েছেন কর্মচারীদের কাছ থেকে। আর সে অনুষ্ঠান হয়েছে খোদ মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচতলায়, যেখানে দেশের সবচেয়ে বড় শাখা ব্যাংক সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় অবস্থিত।সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আমিনুল হক ফারুক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আযম খসরুকে তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালে পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হয়। ২০১০ সালে এসে শ্রম আদালতে মামলা করেন তাঁরা। তিন বছর মামলা চলার পর গতকাল তাঁরা রায় পান। এই রায় আসার পর গতকাল মঙ্গলবার সোনালী ব্যাংকে সরকারদলীয় ট্রেড ইউনিয়নের একাংশ আয়োজন করে সংবর্ধনার। স্থানীয় কার্যালয়ের মধ্যে যেখানে গ্রাহকেরা লাইন ধরে ব্যাংকে লেনদেন করেন, সেখানে মঞ্চ বানিয়ে, চেয়ার পেতে চলে অনুষ্ঠান। দুপুরের পর থেকে মিছিল আসতে থাকে। মাইকে যখন বক্তৃতা শুরু হয়, তখন ব্যাংকিং লেনদেনের সময় কিছুটা বাকি ছিল। যোগাযোগ করা হলে আমিনুল হক বলেন, ‘মিছিল আসছিল তবে আমরা সবাই ছাদে চলে যাই। চারটা এক মিনিটে আমরা নিচে নেমে এসেছি।’এই সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের দুজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সিবিএর বর্তমান নেতৃত্বাধীন গ্রুপ এবং ফারুক-আযম গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনাও তৈরি হয়। আমিনুল হক ফারুকদের অনুপস্থিতিতে এ সময়ে নতুন সিবিএ গঠিত হয়েছিল। কামাল উদ্দিন ও হাসান খসরু এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। জানতে চাইলে কামাল উদ্দিন বলেন, কেউ কর্মকর্তা পদে থেকে সব ধরনের সুবিধা ভোগ করেন, এখন যদি আবারও ইউনিয়ন করার বা ভোট দেওয়ার অধিকার পান, তাহলে তো বিশৃঙ্খলা দেখা দেবেই। তিনি বলেন, ‘রায় একটা হয়েছে, সঙ্গে সঙ্গে এভাবে সমাবেশ করে বিশৃঙ্খলা করা তো ঠিক না।’ কামাল উদ্দিন জানান, এই রায়ের বিরুদ্ধে ব্যাংক যদি মামলা না করে, তাহলে নয় হাজার কর্মকর্তা আবারও কর্মচারী হয়ে যাবেন। শুধু সোনালী ব্যাংক নয়, সব রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকেই এই অবস্থা তৈরি হবে।