কর্মকর্তা নেই, তাই ভাতা তোলা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের একজন কর্মকর্তা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যাওয়ায় ও তাঁর জায়গায় কোনো কর্মকর্তা যোগ না দেওয়ায় ৪৯ জন কর্মকর্তা-কর্মচারী জানুয়ারির বেতন তুলতে পারেননি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক এ বি এম আক্তারুজ্জামান খান এলপিআরে যাওয়ার আগে কর্মকর্তা-কর্মচারীদের বেতন মঞ্জুরিতে স্বাক্ষর করলেও চেক বইতে স্বাক্ষর করতে পারেননি। এখানকার পদটি শূন্য হওয়ায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জেলা খাদ্য নিয়ন্ত্রককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে নির্দেশ দিলেও জেলা খাদ্য নিয়ন্ত্রক সে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান। নতুন কোনো কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।বরিশাল কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের হিসাবরক্ষক আবদুল ওহাব খান বলেন, প্রতি মাসের ২৪ তারিখের মধ্যে ওই মাসের বিলে স্বাক্ষর হয় ও পরের মাসের ১ তারিখে চেক দেওয়া হয়। কিন্তু ব্যবস্থাপক না থাকায় ও পরে কোনো কর্মকর্তা যোগ না দেওয়ায় ওই বিলের চেক প্রদান করা সম্ভব হয়নি। হিসাব অনুযায়ী ফেব্রুয়ারির বেতনও দেওয়া সম্ভব হবে না।খাদ্য পরিদর্শক আবদুল মালেক খান বলেন, অফিসার চেয়ে আঞ্চলিক খাদ্য কর্মকর্তা বরাবরে আবেদন করা হলে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রককে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেন। কিন্তু আজ পর্যন্ত তিনি এখানে আসেননি।এ ব্যাপারে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুকুমার চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘আমি জেলা খাদ্য নিয়ন্ত্রককে ওখানকার অতিরিক্ত দায়িত্ব দিলেও তিনি ওই দায়িত্ব পালন করেননি। বাধ্য হয়ে ঢাকা খাদ্য অধিদপ্তরকে জানানো হয়। সেখান থেকেও জেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে। আশা করি এ সমস্যার সমাধান খুব শিগগিরই হয়ে যাবে।’জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মো. শফিউল আলম বলেন, ‘যে পদে আমাকে অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে, ওই পদটি আমার সাব-অর্ডিনেট, তাই ওই পদে আমি দায়িত্ব পালন করতে বিব্রত বোধ করছি। অধিদপ্তরের চিঠি এখনো আমি হাতে পাইনি। চিঠি পাওয়ার পর বলতে পারব, কী করতে হবে।’