কর্মকর্তা-সংকটে প্রাথমিক শিক্ষার তদারকি ব্যাহত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সহকারী থানা শিক্ষা কর্মকর্তার ছয়টি পদের পাঁচটিই শূন্য। এ কারণে এই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় এবং শিক্ষকদের তদারকিসহ নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার নয়টি ইউনিয়নের জন্য ছয় ভাগে ছয়জন সহকারী থানা শিক্ষা কর্মকর্তার পদ থাকলেও আছেন মাত্র একজন। ফলে এ উপজেলার ৮৫টি সরকারি, ৩০টি বেসরকারি ও দুটি কমিউনিটিসহ ১১৭টি বিদ্যালয়ে তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কয়েকজন প্রাথমিক শিক্ষক জানান, উপজেলায় দীর্ঘদিন ধরে সহকারী থানা শিক্ষা কর্মকর্তার সংকট চলছে। এমনকি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদও এক বছর শূন্য ছিল। সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা যোগ দিলেও সহকারী থানা শিক্ষা কর্মকর্তার পাঁচটি পদই শূন্য আছে। কর্মকর্তা-সংকটের কারণে বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের তদারকি ও উপবৃত্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী সিরাজুল ইসলাম জানান, গোয়াইনঘাট একটি বড় উপজেলা। পাঁচ শতাধিক শিক্ষকের বিভিন্ন কাজ কর্মকর্তা-সংকটের কারণে যথাসময়ে করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক কাজ হয়। তাই এ উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের স্বার্থে শিক্ষা কর্মকর্তাদের শূন্য পদগুলো পূরণ করা উচিত।
গোয়াইনঘাটে কর্মরত একমাত্র সহকারী থানা শিক্ষা কর্মকর্তা মোশাহিদ মিয়া বলেন, ‘ছয়জনের জায়গায় একজন আছি। সমস্যা তো হচ্ছেই। কাজে গতি আনতে হলে শূন্য পদগুলো পূরণ করতে হবে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, একজন সহকারী থানা শিক্ষা কর্মকর্তা দিয়ে সব কাজ চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে। তবুও যথাযথভাবে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।