কর্মকর্তা সমিতির কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা-২০১৪ সংশোধনের আশ্বাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার কর্মবিরতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, গতকাল সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ডেকে পাঠান। এ সময় তাঁদের সঙ্গে আলোচনা করে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে নীতিমালার অসংগতি সংশোধন করে তা কার্যকরের আশ্বাস দেন তিনি। তাঁর আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়।
গত বছরের ২৪ ডিসেম্বর বিশেষ সিন্ডিকেট সভায় কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা-২০১৪ অনুমোদন করা হয়। ৮ জানুয়ারি নীতিমালাটি প্রশাসনিক আদেশ হিসেবে প্রচার করা হয়। তখন নীতিমালায় অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন কর্মকর্তারা। ওই নীতিমালা সংশোধনের দাবিতে ১২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সমিতি। দাবি পূরণ না হওয়ায় গত রোববার থেকে কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।