
আট বছর নয় মাস আগে ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহের পেছনে অভ্যন্তরীণ বা বাইরের চক্রান্ত ছিল বলে মনে করেন উচ্চ আদালত। দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে ওই ঘটনা ঘটানো হয়েছিল। এমন ঘটনা এড়াতে কর্মকর্তা ও সিপাহিদের মধ্যে পেশাদার সম্পর্ক গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পিলখানা হত্যা মামলায় ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর দেওয়া রায়ে গতকাল সোমবার হাইকোর্ট সাত দফা সুপারিশ ও পাঁচ দফা পর্যবেক্ষণ দিয়েছেন। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন মো. আবু জাফর সিদ্দিকী ও মো. নজরুল ইসলাম তালুকদার।
পর্যবেক্ষণে আদালত বলেছেন, মামলার বিষয়বস্তু পর্যালোচনা এবং পারিপার্শ্বিকতা বিবেচনা করে এটা প্রতীয়মান হয় যে ২০০৮ সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসা সরকারকে উৎখাত করতে চক্রান্ত ও ষড়যন্ত্র হয়েছিল। এটা অভ্যন্তরীণও হতে পারে, আবার বাইরে থেকেও হতে পারে।
সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা প্রসঙ্গে রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিদ্রোহীরা একে অন্যের সহযোগিতায় একই উদ্দেশ্যে এবং লক্ষ্য নিয়ে গোপনে অপরাধমূলক ষড়যন্ত্র করে। তারা বিডিআর থেকে সেনা কর্মকর্তাদের বের করে দিয়ে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং আধিপত্য প্রতিষ্ঠার জন্যই সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করে। কোনো ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র ছাড়া এই হত্যাযজ্ঞ ঘটতে পারে না উল্লেখ করে রায়ে আদালত বলেন, কেবল উসকানি, অপরাধমূলক ষড়যন্ত্র, অসন্তুষ্টি বা দুর্দশার কারণে এ ধরনের নৃশংসতার কারণ হতে পারে না, যেখানে হত্যাকাণ্ডের শিকার হন ৫৭ জন ন্যায়পরায়ণ ও প্রতিশ্রুতিশীল সেনাসদস্যসহ ৭৪ জন।
অপরাধের ইতিহাসে ওই ঘটনাকে নজিরবিহীন অভিহিত করে আদালত বলেন, এই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে জাতি কিছু প্রতিশ্রুতিশীল, উজ্জ্বল, সম্মানিত ও প্রতিভাবান সেনা কর্মকর্তাকে হারিয়েছে। এই শূন্যতা পূরণে সময় লেগে যাবে। অসন্তুষ্ট বিডিআর বিদ্রোহীরা যে অপরাধ করেছে, তা মর্মান্তিক, ভয়াবহ, পৈশাচিক ও নারকীয়। বর্বরতা ও অসভ্যতা সব ধরনের মাত্রা ছাড়িয়েছে। কোনো সভ্য সমাজই এটা সহ্য করতে বা মেনে নিতে পারে না।
দাসত্বমূলক আচরণ থেকে বেরিয়ে আসতে হবে
হাইকোর্টের তিন সদস্যের এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. শওকত হোসেন দণ্ড ঘোষণার আগে তাঁর ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, চাকরির বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া এবং সেনাসদস্যদের দুর্ব্যবহার বিডিআর জওয়ানদের বিদ্রোহে উদ্বুদ্ধ করে থাকতে পারে। কিন্তু কোনো যুক্তিই তাদের (বিদ্রোহীদের) এই পাশবিক কর্মকাণ্ডকে বৈধতা দিতে পারে না। সাহেলী পারভীন নামে এক সাক্ষীকে উদ্ধৃত করে বিচারক বলেন, ‘তারা মানুষ ছিল না। এদের আচরণ বলা যায় না।’
বিচারপতি মো. শওকত হোসেন সর্বক্ষেত্রে অধীনস্থদের প্রতি মানবিক হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। নিজের ব্যক্তিজীবনের একটি উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৮১ সালে তখনো তিনি বিচারক হননি। রংপুরে তাঁর পরিচিত এক ‘মুন্সেফের’ কাছে গিয়েছিলেন। রংপুর ডাকবাংলোর নিজ কক্ষে ওই মুন্সেফ তাঁর (বিচারপতির) উপস্থিতিতে পিয়নকে মোজা ও জুতা পরিয়ে দিতে বলেন। বিচারক বলেন, ‘আমি খুবই লজ্জিত হলাম। এই যে দাসত্বমূলক, ঔপনিবেশিক আচরণ, এই অবস্থা থাকতে পারে না। জওয়ানদের সঙ্গে আচরণ মানবিক ও প্রশাসনবান্ধব হতে হবে।’
বেঞ্চের জ্যেষ্ঠ এই বিচারপতি আরও বলেন, ‘আমরা যদি সবাই এই জায়গায় যাই, তাহলে অনেক দূর এগিয়ে যাব। আমরা যদি আমাদের ইগোতে থাকি, আমি বলছি এখনো আছি, উইথ অল রেসপেক্ট আমি বলছি, এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘তারা আমাদের লোক, আমাদেরই জনগণ। তারা অন্য কোনো দেশের নয়। কেউ আমাদের ভাই, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের ভাইপো। তারা সবাই এই দেশের আত্মা। সব জায়গায়ই এই আচরণের পরিবর্তন আনতে হবে।’
বিচারপতি মো. শওকত হোসেন বলেন, বিডিআরে কোনো সেনা কর্মকর্তা থাকবেন না, এটাই ছিল তাদের (বিদ্রোহীদের) লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই তারা একত্রিত হয়েছে, কথা বলেছে, পরিকল্পনা করেছে এবং তাদের অপরাধ সংঘটিত করেছে। আসামিপক্ষ বলতে চেয়েছে, বাইরের কোনো এজেন্সি হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ রাষ্ট্রপক্ষের যুক্তির বিপক্ষে তারা কোনো যুক্তি দেখাতে পারেনি। তিনি বলেন, ঘটনাটি ঘটেছিল একটি বিশেষ পরিস্থিতিতে। সেনাসদস্য ও বিডিআর সদস্যদরাই সেখানে ছিলেন। তাঁরাই ঘটনার সবচেয়ে ভালো প্রত্যক্ষদর্শী। সেই দৃষ্টিকোণ থেকেই সাক্ষ্য-প্রমাণ যাচাই ও মূল্যায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে আলোচনা এবং পাল্টা আলোচনা করা হয়েছে।
আদালতের সুপারিশ
ঘোষিত রায়ে সাত দফা সুপারিশ তুলে ধরেন আদালত।
১. এটা আমাদের আন্তরিক প্রত্যাশা (পায়াস উইশ), অপারেশন ডাল-ভাতের মতো এমন কোনো কার্যক্রম নেওয়া উচিত নয়, যা বিজিবির সদস্যদের গৌরব ও আত্মসম্মানে আঘাত হানে। এটা স্পষ্টত প্রতীয়মান যে এ ধরনের কর্মসূচি তাদের সৈনিকমূলক আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের কর্মসূচি না নিতে সরকার ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আদালত।
২. অফিসার ও সৈন্যদের মধ্যকার পেশাদারি সম্পর্ক বিজিবির আইন মোতাবেক হতে হবে।
৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি কর্তৃপক্ষকে বিজিবি সদস্যদের যেকোনো সমস্যা বিবেচনায় নিয়ে দ্রুত সমাধান দিতে হবে।
৪. বিজিবি সদস্য ও কর্মকর্তাদের মধ্যে এখনো কোনো দুঃখ-দুর্দশা থাকলে বিজিবি কর্তৃপক্ষকে তা মিটিয়ে ফেলতে হবে।
৫. বিজিবির কোনো সদস্যের ভ্রমণ ভাতা ও দৈনন্দিন ভাতা এখনো বাকি থাকলে তা দ্রুত মিটিয়ে দিতে হবে।
৬. বিজিবি কর্তৃপক্ষকে তাদের অর্জিত ছুটি এবং এ-সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে হবে।
৭. বিডিআরের রাইফেল সিকিউরিটি ইউনিট কেন বিডিআর হত্যাযজ্ঞের আগে প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন এবং প্রতিবেদন প্রকাশের জন্য বিজিবি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন আদালত।