কর্মকর্তা হত্যা তদন্তে বিশেষজ্ঞ পাঠাতে পারে সৌদি আরব: দীপু মনি
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ঢাকায় খুন হওয়া দূতাবাস কর্মকর্তার হত্যারহস্য উদ্ঘাটনে সৌদি সরকার বিশেষ তদন্ত দল পাঠাতে পারে। গতকাল শনিবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান।দীপু মনি বলেন, বাংলাদেশ অতীতেও বিদেশি তদন্ত দলের সহায়তা নিয়েছে। বাংলাদেশ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সৌদি আরব চাইলে বিশেষজ্ঞ দল পাঠাতে পারে। তদন্ত দলটি শিগগিরই ঢাকায় পৌঁছাতে পারে বলেও জানান মন্ত্রী।এ বিষয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো যাচ্ছে। বিএনপি চায় সৌদি সরকার সে দেশ থেকে বাংলাদেশি শ্রমিকদের পাঠিয়ে দিক। এতে আওয়ামী লীগ সরকার বেকায়দায় পড়বে। বিষয়টি যে দেশের জন্য বিপর্যয় ডেকে আনবে, তা তারা ভাবে না।৬ মার্চ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ বিন মোহাম্মদ সালেম আল আলী ঢাকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত হন।এদিকে বিএনপিকে আইএসআইর টাকা দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের পর দলটি যে প্রতিক্রিয়া দেখিয়েছে, সে বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘আমরা পাকিস্তানের কাছে আসাদ দুররানির বক্তব্যের অনুলিপি চেয়েছি। অনুলিপি হাতে পাওয়ার পর মন্তব্য করব।’পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর সাবেক প্রধান আসাদ দুররানির বরাত দিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে গোয়েন্দা সংস্থাটি বিএনপিকে ১৯৯১ সালের নির্বাচনের আগে অর্থ দিয়েছিল। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এ অভিযোগ সত্য নয়।