কর্মকর্তাকে পিটিয়ে কাঠ ছিনতাইয়ের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বন কর্মকর্তাকে পিটিয়ে কাঠচোর চক্রের সদস্যরা জব্দ করা কাঠ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার ভাড়াউড়া-খাইছড়া সড়কে এ ঘটনা ঘটে।শ্রীমঙ্গলে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় জানায়, শনিবার রাতে রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল টহল দিচ্ছিল। টহল দলটি ভাড়াউড়া চা-বাগানের চা-প্রক্রিয়াজাতকরণ কারখানার কাছে গেলে চোরেরা প্রায় ৫৫ ঘনফুট সেগুনকাঠ ফেলে পালিয়ে যায়। তারা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছগুলো কেটে পাচার করছিল।এ কে এম আজহারুল ইসলাম জানান, ফেলে যাওয়া কাঠ জিপে তোলার সময় আজহারুলসহ টহল দলের সদস্যদের ওপর হামলা করেন ভাড়াউড়া এলাকার বাসিন্দা সাধু কাহার, সন্তোষ বাউড়ী, শুক্কুর আলী, কুদ্দুছ হাজরা ও ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন। হামলায় আজহারুল ইসলামের বাঁ হাতে প্রচণ্ড আঘাত লাগে। বনশ্রমিক নজিব উল্ল্যাহও এ সময় আহত হন। বন বিভাগ জানায়, সাধু কাহারের নামে বন আইনে ৫১টি মামলা রয়েছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ওই ঘটনায় লাউয়াছড়ার বিট কর্মকর্তা মো. শাহজাহান আলী বাদী হয়ে সাধু কাহারসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন।