কর্মকর্তাকে বদলির আদেশ রাজনৈতিক চাপে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা গণপূর্ত বিভাগের উচ্চমান হিসাব সহকারী আবদুল মান্নানের বিরুদ্ধে তিন লাখ টাকার পে-অর্ডার জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর তাঁকে তৎক্ষণিক বদলির আদেশ দেন গণপূর্ত বিভাগ রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এক মাস আট দিনের ব্যবধানে রাজনৈতিক চাপে সেই আদেশ বাতিল করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগের সত্যতা পেয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক চাপে সেই বদলির আদেশ বাতিল করতে হয়েছে।গাইবান্ধা গণপূর্ত বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, আবদুল মান্নান গত বছরের ১৭ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার তিন লাখ টাকার একটি পে-অর্ডার আদায়ের (কালেকশন) জন্য সোনালী ব্যাংকের গাইবান্ধার প্রধান শাখায় নির্বাহী প্রকৌশলীর চলতি হিসাবে জমা দেন। পে-অর্ডারটি সোনালী ব্যাংক থেকে ২০ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকে কালেকশনের জন্য পাঠানো হয়। ইসলামী ব্যাংক গত ২৬ সেপ্টেম্বর পে-অর্ডারটি জাল হিসেবে চিহ্নিত করে সোনালী ব্যাংকে ফেরত পাঠায়। সোনালী ব্যাংক গত ১ অক্টোবর জাল পে-অর্ডার জমা দেওয়ার বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেয়। চিঠি পেয়ে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেমকে কমিটির আহ্বায়ক করা হয়। আবুল কাশেম বলেন, তদন্তে পে-অর্ডারটি জাল বলে প্রমাণিত হয়। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলীর বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। নির্বাহী প্রকৌশলী তদন্ত প্রতিবেদনটি গণপূর্ত বিভাগের রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে পাঠান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী গত বছরের ২২ নভেম্বর এক আদেশে আবদুল মান্নানকে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন। এর এক মাস আট দিন পর তিনি গত ৩০ ডিসেম্বর সেই বদলির আদেশটি প্রতাহার করে আবদুল মান্নানকে আগের স্থানে বহাল রাখেন।জালিয়াতির অভিযোগের ব্যাপারে আবদুল মান্নান বলেন, ভুলক্রমে শামছুল আলম নামের এক ঠিকাদারের দেওয়া পে-অর্ডারটি ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। ক্ষমা চাওয়ার পর কর্তৃপক্ষ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে।সোনালী ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক আবদুল কুদ্দুস অভিযোগ করেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, গণপূর্ত বিভাগ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বদলির আদেশ প্রত্যাহারের ব্যাপারে বিষয়টি জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বলেন, ‘ওই পে-অর্ডারটি আমাকে না জানিয়ে জমা দেওয়া হয়েছিল। আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।’