চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করায় গতকাল সোমবার সকালে প্রকৌশলী ও কর্মচারীরা মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা আনোয়ারা বেগমের অপসারণ দাবি করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম সরকারের একজন যুগ্ম সচিব। তিনি প্রেষণে চট্টগ্রাম সিটি করপোরেশনে কাজ করছেন। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, একটি বাণিজ্যিক ভবনের সামনে স্ল্যাব নির্মাণের জন্য চার নম্বর বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের কাছে আবেদন করা হয়। রফিকুল ইসলাম বিষয়টি উপসহকারী প্রকৌশলী তসলিমা ইসলামকে দেখার দায়িত্ব দেন। তসলিমা ফাইলটি তৈরি করে উপস্থাপন করেন এবং স্ল্যাব নির্মাণের জন্য প্রয়োজনীয় ফির কথা উল্লেখ করেন। কিন্তু তিনি বাণিজ্যিক ফির তালিকায় আবাসিক ফির উল্লেখ করে ফাইল তৈরি করেন। এতে রাজস্বের পরিমাণ কমে যায়। স্ল্যাব নির্মাণ করতে হলে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রতি বর্গফুটে ১৫০০ টাকা এবং আবাসিক প্রতিষ্ঠানকে ৫০০ টাকা সিটি করপোরেশনে পরিশোধ করতে হয়। তসলিমার এ ভুলের বিষয়টি প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগমের দৃষ্টিগোচর হয়। তসলিমা তাঁর ভুল স্বীকার করে ক্ষমা চান। গত রোববার এই বিষয়ে প্রকৌশলীরা প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। একাধিক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, বৈঠকে প্রকৌশলীদের অনুরোধে আনোয়ারা বেগম উপসহকারী প্রকৌশলী তসলিমা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু গতকাল সকালে তাঁরা জানতে পারেন, তসলিমাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেওয়া হয়েছে। এ কথা শোনার পর সিটি করপোরেশনের প্রকৌশলী ও তিনটি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা আনোয়ারা বেগমের কার্যালয় ঘেরাও করেন। আওয়ামী লীগ-সমর্থিত দুটি এবং বিএনপি-সমর্থিত একটি শ্রমিক সংগঠনের কয়েকজন নেতা এ সময় আনোয়ারা বেগমের কক্ষে প্রবেশ করে তাঁর সঙ্গে ‘অশোভন আচরণ’ করেন। একপর্যায়ে আনোয়ারা বেগম নিজ কক্ষ থেকে বেরিয়ে পাশে অবস্থিত মেয়রের কক্ষে অবস্থান নেন। এই অবস্থায় প্রকৌশলী-কর্মচারীরা অন্তত দুই ঘণ্টা মেয়রের কার্যালয় ঘেরাও করে রাখেন। শেষে মেয়র মোহাম্মদ মন্জুর আলমের হস্তক্ষেপে বিষয়টির সুরাহা হয়। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী তসলিমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ প্রসঙ্গে মেয়র প্রথম আলোকে জানান, তসলিমা ভুল করার কথা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্বীকার করেছেন। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে কিছু কর্মী ক্ষুব্ধ হয়ে ওঠেন।পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারী ভানু কুমার নাথ বলেন, ‘আনোয়ারা বেগম যুগ্ম সচিব হলেও সেই যোগ্যতা তাঁর নেই। তিনি অতিরিক্ত সচিব হিসেবেও পদোন্নতি পাননি।’ চাকরির দায়িত্ব পালন না করে করপোরেশনে বসে এ ধরনের কথা বলার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শ্রমিকনেতা। আমাকে বলতে হবে।’আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন কর্মচারী নিজেদের শ্রমিকনেতা দাবি করে আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছেন। তাঁরা আমাকে শারীরিকভাবে আঘাত করবে, এমন পরিস্থিতি সৃষ্টির পর বাধ্য হয়ে আমি মেয়রের কক্ষে অবস্থান নিই।’ তিনি বলেন, ‘প্রশাসন নিজের মতো করেই চলবে। তসলিমা একটি বাড়ির মালিকের কাছ থেকে টাকা খেয়ে ফাইলে কাটাকাটি করেছেন। এতে সিটি করপোরেশনের ৮৪ হাজার টাকা ক্ষতি হয়েছে। তাঁর বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি ওই সব উচ্ছৃঙ্খল শ্রমিকনেতার সঙ্গে আপস করব না। তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’