কর্মকর্তাকে মারধর করায় যুবলীগ কর্মীর কারাদণ্ড
কিশোরগঞ্জের নিকলী পল্লী উন্নয়ন কার্যালয়ের পরিদর্শক আবুল হোসেনকে মারধর করেছেন উপজেলা যুবলীগের কর্মী আক্তার হোসেন। গত সোমবারের এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আক্তারকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন।
আবুল হোসেন ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তারের বাবা সমু মিয়া উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় থেকে ১৯৯৩ ও ’৯৬ সালে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের ৩৭ হাজার ৩৫৫ টাকা না দেওয়ায় ২০০৩ সালে সমু মিয়ার নামে সার্টিফিকেট মামলা হয়। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সমু মিয়ার নামে ওই মামলার একটি নোটিশ দেওয়া হয়। সোমবার বিকেলে আক্তার হোসেন পল্লী উন্নয়ন কার্যালয়ে গিয়ে বলেন, ‘আমার বাবা ঋণের টাকা দিয়ে দিয়েছেন।’ এ নিয়ে আবুল ও আক্তারের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আবুলকে মারধর করেন আক্তার। পরে ওই কার্যালয়ের লোকজন আহত আবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেও আক্তার গিয়ে আবুলকে চিকিৎসা নিতে বাধা দেন। খবর পেয়ে ইউএনও পল্লী উন্নয়ন কার্যালয়ে আসেন। এ সময় আক্তার আবারও পল্লী উন্নয়ন কার্যালয়ের দিকে গেলে তাৎক্ষণিক পুলিশ দিয়ে তাঁকে আটক করা হয়। পরে ইউএনওর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি কাজে বাধা দেওয়ায় আক্তারকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. হাবিবুর রহমান।
আবুল হোসেন বলেন, ‘আমি শুধু তাঁকে বলেছিলাম, আপনারা যদি ঋণের টাকা দিয়ে থাকেন, তা হলে রসিদ দেখান। এতেই তিনি খেপে গিয়ে আমাকে মারধর করতে থাকেন।’ আক্তার যুবলীগের কর্মী—এ বিষয়টি উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশরাফ উদ্দিন নিশ্চিত করেছেন।