কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদ এবং বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল রোববার বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। এর আগে গত ১২ এপ্রিল, ১৭ জুলাই ও ৮ সেপ্টেম্বর তিন দফায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে আন্দোলন করেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে মানববন্ধন করা হয়। সেখানে সিটি করপোরেশনের সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা রাসেল খানকে লাঞ্ছিত করার অভিযোগ করেন বক্তারা। তাঁরা বলেন, বকেয়া বেতন-ভাতার দাবি নিয়ে ৮ সেপ্টেম্বর মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে দেখা করতে যান কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় রাসেল খানকে প্যানেল মেয়র মোশারেফ আলী খান লাঞ্ছিত করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের হুমকিও দেন। তাঁরা এর তীব্র নিন্দা জানান ও বিচার দাবি করেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন নগরের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা, সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা রাসেল খান, উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, বাসাবাড়ির কর নির্ধারক (অ্যাসেসর) মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা প্রথম আলোকে বলেন, ‘চার মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও ভবিষ্য তহবিলের টাকা বকেয়া রয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবি এবং সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা রাসেল খানকে লাঞ্ছিত করার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করেছি।’
সমাজ ও উদ্বাস্তু উন্নয়ন কর্মকর্তা রাসেল খান বলেন, লাঞ্ছনার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্যানেল মেয়র ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মোশারেফ আলী খান বলেন, ‘রাজস্ব আদায় না হওয়ায় বেতন-ভাতা বকেয়া পড়েছে। বেতন-ভাতার দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা এসেছিলেন। কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগ ভিত্তিহীন।’