কর্মকর্তাকে লাঞ্ছিত করায় শিক্ষকের এক মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত এক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলার কাজীপুর গ্রামের আনন্দ স্কুলের শিক্ষক মুর্শিদা খাতুনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান খান তাঁর কার্যালয়ে ওই রায় দেন।
মুর্শিদা দাবি করেন, তিনি রক্স ফেস-২ প্রকল্পের আওতায় বারুহাস ইউনিয়নের কাজীপুর পশ্চিমপাড়া আনন্দ স্কুলে ২০১৩ সালে শিক্ষক হিসেবে চাকরি নেন। তিন মাসের বেতনও নেন। কিন্তু ওই প্রকল্পের কেন্দ্রীয় কার্যালয় কাগজপত্র যাচাই-বাছাই করার সময় তাঁর এসএসসির ফলাফল নিয়োগ বিধির শর্ত পূরণে ব্যর্থ—এমন অভিযোগে তাঁর নিয়োগ বাতিল করে। পরে চাকরি ফিরে পেতে ওই প্রকল্পের তাড়াশ উপজেলার প্রশিক্ষণ সমন্বয়কারী ওসমান গণিকে তিনি ছয় হাজার টাকা ঘুষ দেন। কিন্তু দীর্ঘদিনেও চাকরি ফিরে না পাওয়ায় ওই কর্মকর্তার পেছনে ঘুরতে ঘুরতে ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েন। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে তাঁর কাছে ঘুষের টাকা ফেরত চান তিনি। কিন্তু ওসমান গণি তা দিতে অস্বীকার করায় তাঁকে লোকজনের সামনে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তাড়াশ থানা-পুলিশ ওই শিক্ষককে আটক করে ও পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ইউএনও জিল্লুর রহমান খান বলেন, ‘ঘুষের টাকা ফেরতের জন্য মুর্শিদা নিজেই মামলা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে লাঞ্ছিত করার মতো অপরাধ করেছেন। এ কারণে তাঁকে বিধি মোতাবেক সাজা দেওয়া হয়েছে।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকার বলেন, ওই শিক্ষককে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
এ বিষয়ে আনন্দ স্কুলে প্রশিক্ষণ সমন্বয়কারী ওসমান গণির সঙ্গে দু-তিনবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।