কর্মকর্তাকে সাংসদের এপিএসের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বানের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোজিনা ফেরদৌসিকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রুবিনা ফেরদৌসি বলেন, ‘উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুসারে জলমহাল ইজারার জন্য দরপত্র আহ্বানের নোটিশ দেওয়া হয়। এতে গোবিন্দগঞ্জ আসনের সাংসদের এপিএস মতলুবর রহমান ক্ষুব্ধ হন। সাংসদকে না জানিয়ে কেন নোটিশ টানানো হলো, সে বিষয়ে তিনি মুঠোফোনে আমাকে বকাঝকা করেন ও অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। তিনি বিকেল চারটার দিকে সরকারদলীয় কর্মীদের ভূমি অফিসে পাঠান। তারা সেখানে গিয়ে আমাকে খোঁজাখুঁজি করে এবং অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাজে আচরণ করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াহেদ গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এলে দলীয় কর্মীরা সটকে পড়ে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও আবদুল ওয়াহেদ বলেন, ‘সুনির্দিষ্ট কারণ ছাড়াই তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’গালাগাল ও হুমকি দেওয়ার কথা অস্বীকার করে সাংসদের এপিএস মতলুবর রহমান বলেন, ‘উপজেলার প্রতিটি উন্নয়নকাজ সাংসদকে জানানো হয়। এমনকি ওই নোটিশে সাংসদকে অনুলিপি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অথচ তাঁকে নোটিশ দেওয়া হয়নি। নোটিশ না পাওয়ার বিষয়টি সহকারী কমিশনারের কাছে জানতে চাওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হলে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী সেখানে চড়াও হন।’