কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করায় নগর ভবনে বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সম্পত্তি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করায় ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে দুই শতাধিক লোকের একটি দল গতকাল মঙ্গলবার নগর ভবনে (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তারা সাত দিনের মধ্যে ওই কর্মকর্তার বরখাস্ত আদেশ বাতিল করতে সময় বেঁধে দেয়।করপোরেশন সূত্রে জানা গেছে, চাকরি বিধিমালা ভঙ্গ করায় সম্পত্তি বিভাগে কর্মরত কানুনগো মোহাম্মদ আলীকে গত সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে তাঁর কানুনগো পদে থাকার আদেশও বাতিল করা হয়।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা দেড়টায় নগর ভবনের প্রধান ফটক পার হয়ে বহিরাগত লোকজন প্রশাসনিক ভবনে ঢুকে নানা স্লোগান দিতে থাকে। এ সময় নগর ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই ঘণ্টা স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকে। পরে প্রধান নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী গতকাল প্রথম আলোকে বলেন, ওই যুবকেরা ছাত্রলীগ পরিচয় দিয়েছে। কিন্তু তাদের মধ্যে হকার লীগের যুবকদের সংখ্যাই বেশি। বেশির ভাগের পরনে ছিল স্যান্ডেল।যে কারণে বরখাস্ত: সাময়িক বরখাস্ত হওয়া মোহাম্মদ আলী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গত ২ ফেব্রুয়ারি থাইল্যান্ড ভ্রমণ করেন। বিনা অনুমতিতে বিদেশে যাওয়ার বিষয়টি নিশ্চিত হতে মোহাম্মদ আলীর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই চিঠির কোনো জবাব দেননি, পাসপোর্টও জমা দেননি তিনি। এরপর কর্তৃপক্ষ আবার চিঠি দিলেও এরও কোনো জবাব দেননি তিনি।সার্ভেয়ার থেকে যেভাবে কানুনগো: সিটি করপোরেশনের অফিস আদেশ থেকে জানা যায়, মোহাম্মদ আলী সার্ভেয়ার পদে চাকরির জন্য ২০০৪ সালের ২০ জানুয়ারি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১৯৯৮ সালে এসএসসি পাসের কথা উল্লেখ করেন। তিনি ’৯৯ সালে আমিনশিপ ও ২০০০ সালে সার্ভে ফাইনাল উল্লেখ করেন। সার্ভেয়ার হিসেবে যোগদানের পর স্নাতক বা অন্য কোনো ডিগ্রির জন্য কোনো অনুমতি নেননি। সার্ভেয়ার থাকাকালীন কানুনগোর শূন্যপদে পদোন্নতির জন্য বা দায়িত্ব লাভের জন্য ২০০৮ সালে আবেদন করলে তাঁকে নিজ দায়িত্বের পাশাপাশি কানুনগো পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরে ২০০৯ সালের ৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের মতামত গোপন করে মোহাম্মদ আলীকে কানুনগো পদে নিয়মিতকরণে ‘স্থানীয় সরকার বিভাগের সম্মতি পাওয়া গেছে’ উল্লেখ করে অসত্য তথ্য নথিতে উপস্থাপন করা হয়। কানুনগো হওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার, তা মোহাম্মদ আলীর ছিল না।জানতে চাইলে মোহাম্মদ আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রধান সম্পত্তি কর্মকর্তার অনুমোদন নিয়েই আমি বিদেশে গিয়েছি। এ ছাড়া পদোন্নতির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, তা ভিত্তিহীন। আমার কাছে সব দলিল আছে।’গতকালের ঘটনা সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা গিয়েছিলাম। মনে হচ্ছিল, ফুটপাতের হকাররা মিছিল করেছে।’