পছন্দের শিক্ষক নিয়োগ দেওয়া না-দেওয়া নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও প্রক্টরের মধ্যে হাতাহাতির ঘটনায় চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ ও কর্মচারী সমিতি। গতকাল রোববার কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন।
তবে প্রক্টরকে লাঞ্ছনার অভিযোগ এনে রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকেরা গতকালও যথারীতি ক্লাস এবং পরীক্ষা বন্ধ রেখে কর্মসূচি পালন করেছেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষকেরা। একই দাবিতে এর আগে গত বুধবার ৮০টি প্রশাসনিক পদ থেকে ৫৭ জন শিক্ষক পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কুণ্ডু বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টির সম্মানজনক সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের ন্যায্য আন্দোলন চলবে। মানববন্ধন শেষে আজ বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ও ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বক্তব্য উপস্থাপন করা হবে।
এদিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিঞা এবং কর্মচারী সমিতির সভাপতি মো. শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাঁরা নিজেদের দাপ্তরিক কাজে ফিরে গেছেন।
গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাতটি বিভাগের শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ বোর্ডের সভা শেষে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনের নিচতলায় রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম ও প্রক্টর মো. আবদুল বাসেতের মধ্যে আকস্মিক বাগ্বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।
দুজনের বাগ্বিতণ্ডার পর গত বুধবার কর্মকর্তা-কর্মচারীরা অফিসার্স পরিষদের ব্যানারে রেজিস্ট্রারের পক্ষ নিয়ে প্রক্টরের পদত্যাগ ও চূড়ান্ত বহিষ্কারের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এদিকে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকেরা প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ এনে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেন।