শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ আগস্ট কোটি টাকার পণ্য ছিনিয়ে নেওয়ার ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেছে। এখনো মামলার এজাহারভুক্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর এতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ) ও ঢাকা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (ঢাকাএভ)। গতকাল শনিবার বাকাএভের সভাপতি কামরুল ইসলাম ও মহাসচিব মিজানুর রহমান এবং ঢাকাএভের সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়। পণ্য ছিনতাইকারী চক্রটি বিভিন্নভাবে শুল্ক কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ জন্য শুল্ক কর্মকর্তাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার দাবি জানানো হয়। তা না হলে তাঁদের কর্তব্য পালনে নেতিবাচক প্রভাব পড়বে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।