কর্মকর্তাদের খোঁজ নেই, ভবন পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়পুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দরজা-জানালা চুরি হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রায়পুর পাউবোর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দরজা-জানালা চুরি হয়ে গেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

লক্ষ্মীপুরের রায়পুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে কর্মকর্তারা-কর্মচারীরা আসেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে কার্যালয়সহ পাউবোর ১০টি ভবন কয়েক বছর ধরে ব্যবহৃত হচ্ছে না। এ সুযোগে ভবনগুলোর অধিকাংশ দরজা-জানালা ও ভেতরের মালামাল চুরি হয়ে গেছে।
পাউবোর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুরে পাউবোর শতাধিক একর ভূমি রয়েছে। এর মধ্যে কার্যালয় এলাকা, কলোনি, ওয়ার্কশপ ও রেস্ট হাউস এলাকায় প্রায় ২০ একর ভূমি রয়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পাউবোর উপবিভাগীয় কার্যালয় ও কার্যালয়-সংলগ্ন দুটি বাসভবন, উপজেলা পরিষদ সড়কে একটি বিশ্রামাগার, কলোনি এলাকায় পাঁচটি ভবন ও দুটি ওয়ার্কশপ ভবন পরিত্যক্ত। এগুলোর অধিকাংশই দ্বিতল ভবন। বাসভবনগুলোর অধিকাংশ দরজা-জানালা চুরি হয়ে গেছে। শুধু পাউবো কার্যালয় ভবনের কয়েকটি দরজা-জানালা আছে। আর জানালার লোহার গ্রিলও চুরি হয়ে গেছে। কার্যালয়ের ভেতরের বৈদ্যুতিক বাতি, পাখাসহ অন্য মালামালও নেই।
স্থানীয় কয়েকজন বলেন, ছয়-সাত বছর ধরে পাউবোর কর্মকর্তারা এ কার্যালয়ে অফিস করেন না। তাই কলোনি, ওয়ার্কশপ ভবন ব্যবহার হয় না। এ সুযোগে একটি মহল শত কোটি টাকার ওই সম্পদ দখলের পাঁয়তারা করছে। দুর্বৃত্তরা ভবনের দরজা-জানালা খুলে নিয়ে গেছে। এ ভবন পরিত্যক্ত থাকায় মাদকাসক্ত ব্যক্তিরা প্রতিদিন রাতে আড্ডা জমায়।

পাউবো কার্যালয় সূত্র জানায়, বন্যা নিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন ও বোরো (ইরি) ধানে সেচ সুবিধার জন্য ১৯৭৪ সালে চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) শুরু হয়। প্রকল্পের আওতায় রায়পুর উপজেলা, লক্ষ্মীপুর (আংশিক), রামগঞ্জ (আংশিক), হাইমচর, ফরিদগঞ্জ ও চাঁদপুর (আংশিক) রয়েছে।

পাউবোর রায়পুর উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বে রয়েছেন উপবিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ মো. মাহবুবুল করিম, উপসহকারী প্রকৌশলী কামরুল হাসানসহ ১০ জন। কিন্তু তাঁরা কেউ এখানে আসেন না। গতকাল রোববার রাতে আবু সাঈদ মো. মাহবুবুল করিম মুঠোফোনে বলেন, তিনি চাঁদপুর সেচ প্রকল্পের অধীনের ছয়টি উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের দায়িত্বে রয়েছেন। তাই কাজের চাপে রায়পুরে যেতে পারেন না। চাঁদপুরে অফিস করেন। উপসহকারী প্রকৌশলী কামরুল হাসানকে এটা দেখতে রায়পুরে পাঠাবেন বলে তিনি জানান।

 চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান গত বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, পাউবোতে বর্তমানে লোকবল-সংকট রয়েছে। তিনি এখানে নতুন এসেছেন। কর্মকর্তা-কর্মচারীরা রায়পুর কার্যালয়ে বসেন না, এটা তাঁর জানা নেই। দরজা-জানালা চুরির বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবেন।