কর্মকর্তাদের গাড়ি আটকে সেচ চাইলেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর উপজেলার বিরহী গ্রামে গতকাল মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের গাড়ি ঘেরাও করে পর্যাপ্ত সেচ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বোরো চাষিরা। ওই গ্রামে বোরো ধানের অবস্থা দেখতে যান উপজেলা কৃষি কর্মকর্তা ও বিএমডিএর দুই কর্মকর্তা। এ সময় ক্ষুব্ধ কৃষকেরা সেচের দাবিতে তাঁদের গাড়ি ঘিরে ধরেন। জবাবে কর্মকর্তারা বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে সেচসমস্যা সমাধানে তাঁরা অপারগ। ৩০ মিনিট আটকে রাখার পর কর্মকর্তাদের চলে যেতে দেন কৃষকেরা।রাজশাহীতে বিদ্যুৎচালিত সেচযন্ত্রের আওতায় বোরোর আবাদ এখন হুমকির মুখে। বেশির ভাগ জমির মাটি ফেটে চৌচির। অনেক কৃষক দিশেহারা। গতকাল বিরহী গ্রামে গিয়ে দেখা যায়, বিএমডিএর ‘বিরহী-২’ গভীর নলকূপের অধীন ২০৬ বিঘা জমিতে বোরোর আবাদ চলছে। প্রকল্পের আওতাধীন বোরো খেতের মাটি চৌচির হয়ে গেছে। গ্রামের কৃষক রবিউল ইসলাম একটি জমি দেখিয়ে বলেন, ১২ দিন আগে এই জমিতে সেচ দেওয়া হয়েছে। সপ্তাহখানেক পর জমিতে আবার সেচের পালা আসবে। তত দিনে এই জমির ধান রোদে পুড়ে মাটিতে মিশে যাবে। বিরহী-২ গভীর নলকূপের অপারেটর মাহবুবুর রহমান বলেন, ‘সারা রাত জেগে থাকি কখন বিদ্যুৎ আসবে, কখন মেশিনের সুইচ দেব।’ বিরহী বিলে মোট ১৭টি গভীর নলকূপ রয়েছে। বিলের শত শত বিঘা জমির ধান সেচের অভাবে নুয়ে পড়েছে। গতকাল দুপুরে ওই বিলের ধান পরিদর্শনে যান মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, বিএমডিএর মোহনপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও উচ্চতর উপসহকারী প্রকৌশলী আজমল হক। বোরো খেত ঘুরে তাঁরা চলে আসার সময় শতাধিক কৃষক এসে তাঁদের গাড়ি ঘিরে ধরেন। এ সময় শামসুল ইসলামসহ (৩৫) বেশ কয়েকজন ক্ষুব্ধ কৃষক তাঁদের খেতে সেচব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।