স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘন ঘন বিদেশ সফরের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে ওই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এক সদস্যের এ কমিটিকে তিন মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সভাপতিত্ব করেন।বৈঠকে এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা কী উদ্দেশ্যে ঘন ঘন বিদেশে সফরে যাচ্ছেন এবং তাঁদের বিদেশে গমনের খরচের উৎস অনুসন্ধান করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক সদস্যের সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।সভায় কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, নাজমুল হাসান, মুরাদ হাসান, জেড আই এম মোস্তফা আলীসহ এই মন্ত্রণালয়সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।