অবশেষে সিনেটের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, প্রতিবছর সিনেটের মাধ্যমে বাজেট অনুমোদনের নিয়ম থাকলেও ১৪ বছর ধরে সিনেট অধিবেশন না হওয়ায় এত দিন উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সিন্ডিকেটের মাধ্যমে বাজেট অনুমোদন করা হতো।
গতকাল সোমবার দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২১তম সিনেট অধিবেশন হয়। এতে সিনেটের ১০৪ সদস্যের মধ্যে ৫৩ জন অংশ নেন। উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে সিনেট ভবনে অনুষ্ঠিত এ অধিবেশনে বিভিন্ন বিষয়ে ১০টি প্রস্তাব ও পরিবর্তন অনুমোদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, অধিবেশনে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেস প্রতিষ্ঠার প্রস্তাবসহ ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ও ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের কয়েকটি ধারা-উপধারা সংশোধন, অধিভুক্ত কলেজ অধ্যাদেশ-২০১৫ কে দ্বাদশ সংবিধি করা, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নীত করা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ তহবিল-সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হয়।
সকাল নয়টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হয়। শুরুতে সাবেক আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানসহ ২০০১-২০১৫ সাল পর্যন্ত দেশবরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ এবং তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির ভাষণে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী বছরে অন্তত একবার সিনেট সভা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। ১৪ বছর পর সিনেট সভা হচ্ছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরও ১৩টি বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা নিয়ে উপাচার্য বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও এখানে চাহিদা অনুযায়ী বাজেট পাওয়া যায় না। এর ফলে শিক্ষা ও গবেষণাকাজ ব্যাহত হয়। ২০০০-২০০১ থেকে বর্তমান ২০১৪-২০১৫ আর্থিক বছর পর্যন্ত ঘাটতি বাজেট নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হচ্ছে।
সভায় ২০১৪-২০১৫ সালের ২৭০ কোটি ৮০ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৫-১৬ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ৭০ লাখ টাকার মূল বাজেট প্রস্তাব অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. এন্তাজুল হকের পরিচালনায় কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদ বাজেট পেশ করেন।