কর্মকর্তাদের জিম্মায় ছাড়া হলো পাকিস্তান হাইকমিশনের কর্মীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তাদের প্রেস শাখার কর্মী আবরার আহমেদ খানকে। ওই হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা সাড়ে ১১টার দিকে ‘ডিবি’ লেখা জ্যাকেট পরা চার থেকে পাঁচজন লোক আবরারকে আটক করে।

আবরার আহমেদের আটককে কেন্দ্র করে দুই ধরনের বক্তব্য দিয়েছে পুলিশ ও পাকিস্তান হাই কমিশন। মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, সন্দেহজনক গতিবিধির কারণে আবরার আহমেদ খানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নিয়ে গিয়েছিল। পরে হাইকমিশনের কর্মী হিসেবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ায় তাঁকে পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিবের কাছে হস্তান্তর করা হয়। আবরারের কাছে সাড়ে তিন হাজার ভারতীয় রুপি পাওয়া গেছে।
তবে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পাকিস্তান হাইকমিশন অভিযোগ করেছে, সোমবার সকালে ১১টার দিকে ‘ডিবি’ লেখা জ্যাকেট পরা চার থেকে পাঁচজন লোক হাইকমিশনের প্রেস শাখার সহকারী ব্যক্তিগত সচিব আবরার আহমেদ খানকে গুলশান-২ এ তাঁর বাসার কাছ থেকে আটক করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবরারকে সন্ধ্যা ছয়টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার পর আবরার হাইকমিশনকে জানিয়েছেন, গুলশান থানায় নেওয়ার আগে পুলিশ তাঁকে হাতকড়া পরিয়ে এবং চোখ বেঁধে মাইক্রোবাসে নিয়ে ঘণ্টা চারেক ঘুরেছিল। ডিবির লোকজন বারবার তাঁর কাছে পাঁচ কোটি টাকা দাবি করে তা না হলে তাঁকে জাল ভারতীয় রুপির মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। ‘ক্রসফায়ারে’ দিয়ে নদীতে ‘ভাসিয়ে’ দেওয়ারও হুমকি দেওয়া হয়।
পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে গুলশান থানায় যোগাযোগ করা হলে আবরার আহমেদ খানকে থানায় নেওয়ার বিষয়টি জানায় পুলিশ।
ডিবির সদস্যদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা চাঁদা চাওয়া এবং ক্রসফায়ারের হুমকির বিষয়ে পাকিস্তান হাইকমিশনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন বলেন, এসব অভিযোগ সঠিক নয়। সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছিল।