কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কৃষকের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবিতে কৃ​ষকেরা আমতলী-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মানববন্ধন ও সমাবেশ করেন l প্রথম আলো
বরগুনার আমতলী উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবিতে কৃ​ষকেরা আমতলী-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মানববন্ধন ও সমাবেশ করেন l প্রথম আলো

বরগুনার আমতলী উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের কর্মকর্তাদের অনিয়ম ও ঘুষ-দুর্নীতির প্রতিবাদে উপজেলার কয়েক হাজার কৃষক মানববন্ধন করেছেন। গতকাল সকালে আমতলী-কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন হয়।

বেলা ১১টায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতির ভূমি জরিপের আওতায় আমতলী সদর ইউনিয়নের নীলগঞ্জ, উত্তর টিয়াখালী ও পূজাখোলা মৌজায় কর্মরত কর্মকর্তাদের ব্যাপক অনিয়ম ও ঘুষ, দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। জরিপের কাজে সংশ্লিষ্টরা ঘুষ নিয়ে ইচ্ছামাফিক নকশা তৈরি করে জরিপকাজ চালাচ্ছেন। এতে অনেক কৃষক তাঁদের জমি হারাচ্ছেন। অনেকের কবলা করা জমিও সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে রেকর্ড করা হচ্ছে। রেকর্ড, পরচা ও নামজারি সংশোধনের কথা বলে এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছেন।

সমাবেশে পূজাখোলা গ্রামের কৃষক বাদশা খান বলেন, ‘পূজাখোলা মৌজার ৩ একর ৩০ শতাংশ জমি আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু জরিপকাজে নিয়োজিত সার্ভেয়ার মোটা অঙ্কের অর্থ নিয়ে একই গ্রামের ইউনুস আলী গংদের নামে সেই জমি রেকর্ড করে দিয়েছেন।’

একই অভিযোগ করেন সেকান্দারখালী গ্রামের আবদুল জব্বার হাওলাদার। তিনি অভিযোগ করে বলেন, ‘নীলগঞ্জ মৌজার ৩ একর ৩৩ শতাংশ জমি রয়েছে আমার। ওই জমি আমার ওয়ারিশদের মধ্যে রেকর্ড না করে অন্য লোকদের নামে রেকর্ড করা হয়েছে। এ ভুল সংশোধন করতে গেলে সার্ভেয়ার ওয়ালি উল্লাহ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।’

সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক আবদুস সালাম হাওলাদার, আবদুল রাজ্জাক, আবদুল হালিম, আবদুল মালেক হাওলাদার ও আলতাফ হোসেন প্রমুখ।

আবদুল রাজ্জাক বলেন, ১৯৬৫, ১৯৭০ ও ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এ এলাকার ৭০ ভাগ ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। এ কারণে অনেক ভূমিমালিকের কাগজপত্র না থাকায় জরিপে সমস্যা হচ্ছে। এ সুযোগে জরিপকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা মোটা অঙ্কের ঘুষ নিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমতলী সেটেলমেন্ট কর্মকর্তা আবদুর রহিম গাজী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘অনিয়ম ও ঘুষ-দুর্নীতির এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’