কর্মকর্তাদের দেরিতে আসার প্রতিবাদ করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসার প্রতিবাদ করায় এক যুবককে ‘মাতাল’ আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জনতা ব্যাংকের শাখা কার্যালয়ে আজ রোববার এ ঘটনা ঘটে। পরে দুই পক্ষের সমঝোতায় পুলিশ ওই যুবককে ছেড়ে দিয়েছে।

অভিযুক্ত ওই যুবকের নাম ইমতিয়াজ উদ্দিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

জনতা ব্যাংকের গৌরীপুর শাখার কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে আজ রোববার সকালে গ্রাহকদের লম্বা লাইন তৈরি হয়। অফিস শুরুর সময় সকাল ১০টা হলেও কর্মকর্তারা না আসায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। পরে ১০টা ২০ মিনিটে ব্যাংকের কার্যক্রম শুরু হলে অন্য গ্রাহকদের সঙ্গে নিয়ে ইমতিয়াজ উদ্দিন কর্মকর্তাদের দেরিতে আসার প্রতিবাদ করেন। এ সময় ঘটনাস্থলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন উপস্থিত হলে তাঁর সঙ্গে ইমতিয়াজের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোশাররফ হোসেন খবর দিলে পুলিশ ব্যাংক থেকে ইমতিয়াজকে ধরে নিয়ে যায়।

ইমতিয়াজ উদ্দিনের অভিযোগ, তাঁকে ‘মাতাল’ আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের কর্মকর্তারা নির্ধারিত সময়ের পরে এসে গ্রাহকদের লাইনে দাঁড় করিয়ে রেখে এদিক-সেদিক ঘোরাঘুরি করতে থাকেন। সামান্য প্রতিবাদ করায় আমাকে মাতাল আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আজ একাধিক কর্মকর্তা ময়মনসিংহ থেকে আসায় কার্যক্রম শুরু হতে মাত্র পাঁচ মিনিট দেরি হয়। এতেই ইমতিয়াজ উদ্দিন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। নিরুপায় হয়ে তাঁকে পুলিশে সোপর্দ করতে হয়। আমরা তাঁকে মাতাল বলিনি।’

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মোশাররফ হোসেন থানায় গেলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে ইমতিয়াজকে ছেড়ে দেওয়া হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, উচ্ছৃঙ্খলতার অভিযোগে ইমতিয়াজকে ধরে আনা হয়। তবে তিনি মাতাল বা মাদকাসক্ত নন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।