কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন রেলমন্ত্রী
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও সময়মতো ট্রেন চলাচল না করার বিষয় পর্যালোচনা করার জন্য জরুরি বৈঠক ডেকেছে রেলপথ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রেলভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। রেলওয়ে সূত্র জানায়, বৈঠকে সভাপতিত্ব করবেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেলপথ বিভাগের সচিব ছাড়াও মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই মহাব্যবস্থাপক, প্রকল্পসংক্রান্ত মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ডাকা হয়েছে। প্রথম আলোতে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশের পর জরুরি ভিত্তিতে আজকের বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।সূত্র আরও জানায়, গতকাল সন্ধ্যার মধ্যেই রাজশাহী, চট্টগ্রাম, পাকশী, লালমনিরহাটসহ রেলওয়ের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের অনেকেই ঢাকার উদ্দেশে রওনা দেন। বিকেল তিনটায় রেলভবনে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে বৈঠক করবেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেশীয় পরিচালক এম তেরেসা খো।এ ছাড়া কাল শুক্রবার রেলভবনে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের একটি নির্ধারিত বৈঠক আছে।