চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রায় ছয় বছর ধরে পদোন্নতি কমিটির বৈঠক না করায় কর্মকর্তাদের পদোন্নতি আটকে আছে। এর ফলে কর্মকর্তাদের ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে তাঁদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সিডিএ সূত্রে জানা গেছে, ৬৬ কর্মকর্তা ও প্রকৌশলীর মধ্যে ৩১ জনই ভারপ্রাপ্ত, অতিরিক্ত ও চলতি দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ওএসডি হিসেবে রয়েছেন দুজন। বর্তমান চেয়ারম্যান আবদুচ ছালাম ২০০৯ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় পদোন্নতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।
সিডিএ অফিসার সমিতির সভাপতি ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী হাসান বিন শামস প্রথম আলোকে বলেন, পাঁচ-ছয় বছর ধরে কর্মকর্তাদের কোনো পদোন্নতি হচ্ছে না। এ জন্য কর্মকর্তারা কাজের আগ্রহ পাচ্ছেন না। কর্মকর্তাদের অসন্তোষ দূর করার জন্য পদোন্নতির ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়া উচিত।
সিডিএর সচিব ও বিভাগীয় পদোন্নতি কমিটির সদস্যসচিব তাহেরা ফেরদৌস বেগম প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তাদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছে না এলে তো আমি বৈঠক আহ্বান করতে পারি না।’
সিডিএর সংস্থাপন শাখার সেকশন অফিসার সুবীর বড়ুয়া ও অফিস সহকারী নন্দন মজুমদার বলেন, ‘যে সমস্ত পদে পদোন্নতি দেওয়া যাবে, তার তালিকা করেছি। কর্মকর্তাদের পদোন্নতিসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও তৈরি করে রেখেছি। এখন পদোন্নতি কমিটি যদি সুবিধাজনক সময়ে নথিপত্র উপস্থাপন করতে নির্দেশ দেয়, তাহলে আমরা প্রস্তুত আছি। এর আগে কমিটির কাছে নথিপত্র পাঠানো হলেও ফেরত দেওয়া হয়েছিল।’
সিডিএ সূত্রে জানা গেছে, সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী ও কাজী হাসান বিন শামস। তাঁদের মধ্যে মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী আবার ভারপ্রাপ্ত হিসেবে প্রধান প্রকৌশলীর দায়িত্বে আছেন। উপপ্রধান নগর পরিকল্পনাবিদ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন শাহীনুল ইসলাম খান।
অন্যদিকে প্রকৌশল বিভাগের ১০টি নির্বাহী প্রকৌশলী পদে সাতজনই আছেন ভারপ্রাপ্ত হিসেবে। তাঁদের মধ্যে মোহাম্মদ শামীম ফ্ল্যাট প্রকল্প সিডিএ স্কয়ারের প্রকল্প পরিচালক, মুহাম্মদ শাহাবুদ্দিন খালেদ অনন্যা আবাসিক প্রকল্প ও হাটহাজারী সড়কের প্রকল্প পরিচালক, আহমেদ মঈনুদ্দিন কদমতলী উড়ালসড়ক ও বিপণিবিতানের প্রকল্প পরিচালক, মাহফুজুর রহমান নগরের ডিটি সড়ক, মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক এবং আরাকান সড়কের প্রকল্প পরিচালক, মোহাম্মদ ইলিয়াছ সল্টগোলা এলাকায় কর্মজীবী নারীদের জন্য ডরমিটরি ও বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্প এবং বহদ্দারহাট উড়ালসড়কের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া আবুল কালাম আজাদ, মো. ফারুক আহমেদ ও মো. ইলিয়াছ আকতার সহকারী প্রকৌশলী পদে ভারপ্রাপ্ত হিসেবে আছেন।
এ ছাড়া ঊর্ধ্বতন স্থপতি পদে ভারপ্রাপ্ত হিসেবে আছেন মাহারীনা জাফরীন, বাজেট অফিসার পদে চলতি দায়িত্বে আছেন মো. আনিসুল ইসলাম পাটোয়ারী, চার সহকারী অথরাইজড অফিসারের মধ্যে তিনজনই ভারপ্রাপ্ত।
ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী সচিব বাদশা মিঞা, সম্পত্তি কর্মকর্তা (বিল্ডিং) মো. ফরিদুল হক। বাজার তত্ত্বাবধায়ক, সেকশন অফিসার, সেকশন অফিসার-২, নিরাপত্তা কর্মকর্তা ও মার্কেট সুপার পদের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত হিসেবে।