কর্মকর্তাদের ফেসবুক ব্যবহারে কিছু পরামর্শ সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৮ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জারি করা প্রজ্ঞাপনের পরামর্শে বলা হয়, ‘ব্যক্তিগত’ অথবা ‘পেশার সঙ্গে সংগতিপূর্ণ নয়’—এমন বিষয়ে ফেসবুকে ছবি দিতে ও লিখতে পারবেন না সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তারা। শুধু উদ্ভাবনমূলক ও সরকারি কাজের ইতিবাচক দিক নিয়ে লিখতে ও শেয়ার করতে পারবেন তাঁরা।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফেসবুকে সম্প্রতি সরকারি একজন কর্মকর্তা একটি ছবি পোস্ট করেন। ওই ছবি তাঁর পেশাগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ এ নিয়ে কিছুটা সমালোচনার পরিপ্রেক্ষিতে গত মাসে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভার পরই ২৮ অক্টোবর ফেসবুক ব্যবহার-সংক্রান্ত ওই পরামর্শ দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘মাঠপর্যায়ের কোনো কোনো
কর্মকর্তা ফেসবুকে একান্ত ব্যক্তিগত এবং নিজ কর্মের সঙ্গে সংগতিহীন বিষয় শেয়ার করছেন। প্রশাসনের ভাবমূর্তির সঙ্গে এসব বিষয় সামঞ্জস্যপূর্ণ নয়।