কর্মকর্তাদের বরখাস্ত আদেশ প্রত্যাহারে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই কর্মকর্তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারকে সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী একাংশের শিক্ষক-কর্মকর্তারা।
উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন শাপলা ফোরামের একাংশ এবং বঙ্গবন্ধু পরিষদের একাংশের শিক্ষক-কর্মকর্তারা উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সঙ্গে দেখা করতে যান। এ সময় তাঁরা সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা আবদুল হান্নান ও আলমগীর হোসেনের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবি জানান। এ আদেশ প্রত্যাহারে তাঁরা উপাচার্যকে ১২ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন তাঁরা। পাশাপাশি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি চান তাঁরা।
বঙ্গবন্ধু পরিষদের সদস্য এ এইচ এম আক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বরখাস্ত হওয়া ওই কর্মকর্তারা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য। আমরা তাঁদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য ভিসি স্যারকে ১২ ঘণ্টা সময় দিয়েছি।’
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘অভিযুক্ত ও ভুক্তভোগীরা যদি নিজেদের মধ্যে বিষয়টির সমঝোতা করে অভিযোগ প্রত্যাহার করে নেন, তবে আমার এ বরখাস্তের আদেশ প্রত্যাহারে কোনো বাধা নেই।’