টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘুষ ছাড়া তাঁরা কোনো বিল ছাড় করেন না। ঘুষ দিতে অস্বীকার করলে তাঁরা সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাদের নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন- ভাতা, অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশন, বৃত্তি, উপবৃত্তি ও ঠিকাদারদের বিল উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে ছাড় করা হয়। কিন্তু উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল মান্নান ও তাঁর কার্যালয়ের নিরীক্ষক ফরহাদ হোসেন বিল ছাড় করতে নির্ধারিত হারে টাকা দাবি করেন। টাকা না পেলে তাঁরা নানা অজুহাতে দিনের পর দিন সেবা নিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন অভিযোগ করেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের খরচ বাবদ প্রতি বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা ৪০০ টাকা থেকে নিরীক্ষক ফরহাদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মান্নান ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় মূল্য সংযোজন কর (ভ্যাট) কাটার অজুহাতে দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের ঘুরাচ্ছেন। এ ছাড়া কয়েক দিন আগে উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগ করা অফিস সহকারীদের তিন মাসের বেতন সাত লাখ ১৪ টাকা বরাদ্দ আসে। ওই টাকা ছাড় করতেও তাঁরা ঘুষ দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে মির্জাপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও মির্জাপুর পৌরসভার কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, হিসাবরক্ষণ কার্যালয় থেকে বিলের টাকা ছাড় করতে প্রতি লাখে দুই থেকে তিন হাজার টাকা দিতে হয়। না দিলে নানাভাবে হয়রানি করা হয়।
নিরীক্ষক ফরহাদ অবশ্য দাবি করেন, যারা এ ধরনের অভিযোগ করেছেন, তাঁরা নিজেরা টাকা খাওয়ার জন্য এ রকম কথা বলেন।
হিসাবরক্ষণ কর্মকর্তা মান্নান দাবি করেন, বেতন-ভাতা ও শিক্ষকদের কোনো কাজে তিনি টাকা নেন না। তবে ঠিকাদাররা কেউ ১০০-২০০ টাকা দিলে তিনি তা নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা জানান, তিনি মির্জাপুরে নতুন যোগ দিয়েছেন। হিসাবরক্ষণ কার্যালয়ে ঘুষ আর হয়রানির বিষয়ে খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।