কর্মকর্তাদের লাঞ্ছিত করার পর ছাত্রলীগের সড়ক অবরোধ
টাঙ্গাইলে জেলা প্রশাসনের কর্মকর্তাদের মৌখিকভাবে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ডিজিটাল উদ্ভাবনী মেলা প্রাঙ্গণে ছাত্রলীগের নেতাকে মোটরসাইকেল নিয়ে ঢুকতে না দেওয়ায় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটানো হয়। পরে ছাত্রলীগের কর্মীরা টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহায় শত শত যাত্রী।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গতকাল বিকেলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করে চলে যান। এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ওরফে রাজীব মোটরসাইকেল নিয়ে মেলায় ঢোকার চেষ্টা করেন। মেলার ফটকে টাঙ্গাইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আ স ম জামশেদ খোন্দকার ছাত্রলীগের নেতা ইশতিয়াককে মোটরসাইকেল নিয়ে ঢুকতে বাধা দেন।
এনডিসি জামশেদ অভিযোগ করেন, ইশতিয়াক নিজের পরিচয় দিয়ে মোটরসাইকেল নিয়ে জোর করে ঢুকতে চান। এ সময় তিনি ইশতিয়াকের মোটরসাইকেলের অনুমতিপত্র (লাইসেন্স) দেখতে চান। এতে আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে (জামশেদকে) গালাগাল করেন ইশতিয়াক।
খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা মেলার সামনে এসে জড়ো হন। ঘটনার কিছুক্ষণ পর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁর গাড়িতে করে এনডিসি জামশেদসহ জেলা প্রশাসনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মেলা থেকে চলে যাচ্ছিলেন। পথে ছাত্রলীগের কর্মীরা গাড়িটির গতি রোধ করেন। এ সময় তাঁরা জামশেদকে তাঁদের কাছে দিতে বলেন। কিন্তু জামশেদকে না দেওয়ায় তাঁরা প্রশাসনের কর্মকর্তাদের গালাগাল করেন। পরে মেলায় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা জেলার মির্জাপুরে ও করটিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঘাটাইলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক, বাসাইলে টাঙ্গাইল-সখীপুর সড়ক, কাগমারীতে নাগরপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।