কর্মকর্তাদের ‘বেআইনি’ কর্মকাণ্ডে বন্দর ব্যবহারকারীদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর ও শুল্ক (কাস্টমস) কর্তৃপক্ষের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের নেতারা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে এক সভায় তাঁরা এই উদ্বেগ প্রকাশ করেন। ফোরাম ও চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিকেএমইএর নেতা শওকত ওসমান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আক্তার হোসেন, বিএসএএর ভাইস চেয়ারম্যান পারভেজ আহমেদ, বিএমএসএর জ্যেষ্ঠ সহসভাপতি হাসান মাহমুদ চৌধুরী ও ইসি সদস্য সরওয়ার হোসেন, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি শফিক আহমেদ ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান, আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ চৌধুরী প্রমুখ।সভায় সাংসদ এম এ লতিফ বলেন, ইদানীং কাস্টমস কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পরিপ্রেক্ষিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা নিরসনে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদক্ষেপ গ্রহণ জরুরি। তিনি বলেন, বন্দরে সিটিএমএস চালু হওয়ার পর থেকে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠছে। সিটিএমএসের দোহাই দিয়ে শিপিং এজেন্টরা অফ ডকে কনটেইনার পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সেবাভোগকারীদের সঙ্গে কোনো রকমের আলোচনা ছাড়াই প্রতি কনটেইনারে সাড়ে চার হাজার টাকা লিফট অন চার্জ আদায় করেছে, যা সম্পূর্ণ বেআইনি। গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে পরীক্ষার নামে কালক্ষেপণের কারণে রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তাঁরা অভিযোগ করেন। ফোরাম চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মনমানসিকতার পরিবর্তন ও নেতিবাচক মনোভাব পরিহার করে সরকারের ব্যবসাবান্ধব কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।