কর্মকর্তার অপসারণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক অসন্তোষের কারণে নীলফামারী উত্তরা ইপিজেডে চীনা মালিকানাধীন সনিক বাংলাদেশ লিমিটেড নামের একটি খেলনা তৈরির কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আজ শনিবার ওই কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানার উৎপাদন ব্যবস্থাপক চাঁওয়ের অপসারণের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, চাঁও শ্রমিকদের নির্যাতন ও নারী শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণ করেন। চাঁওয়ের অপসারণসহ ১০ দফা দাবি আদায়ে ওই কারখানার প্রায় দেড় হাজার নারী ও পুরুষ শ্রমিক সকালে ইপিজেডের মহাব্যবস্থাপকের কার্যালয় ঘেরাও করেন। সেখানে তাঁরা বিক্ষোভ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত শ্রমিকেরা অভিযোগ করে বলেন, কারখানার উৎপাদন ব্যবস্থাপক চাঁও কথায় কথায় শ্রমিকদের মারধর করেন, শুক্রবার ছুটির দিন হলেও ওভারটাইম করতে বাধ্য করেন। অন্য প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টা ওভারটাইম ৪২ টাকা নির্ধারণ করা হলেও অনিয়মিত শ্রমিকদের ২৬ টাকা ৯০ পয়সা ও নিয়মিত শ্রমিকদের ৩৫ টাকা করে ওভারটাইম দেওয়া হয়। কোনো নারীর বিয়ে ঠিক হলে কিংবা কারও কোনো স্বজন মারা গেলেও চাঁও ছুটি দেন না। কেউ কাজে কোনো ভুল করলে ৫০০ থেকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

শ্রমিকদের আরও অভিযোগ, উৎপাদন ব্যবস্থাপক চাঁও নারী শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণ করেন। মাতৃত্বকালীন ছুটি না দিয়ে নারীদের চাকরিচ্যুত করা হয়। যে প্রতিবাদ করে, তাঁকেও চাকরিচ্যুত করা হয়। চাঁওয়ের অপসারণ না হওয়া পর্যন্ত শ্রমিকেরা কাজে যোগ দেবেন না বলে জানান। শ্রমিকেরা বলেন, পত্রিকায় বা টেলিভিশনে তাঁদের নাম কিংবা ছবি এলে চাকরিচ্যুত করা হয়।

এ ব্যাপারে কারখানার সুপারভাইজার হাসিবুল ইসলামের ভাষ্য, ওই কারখানার প্রায় ১৮০০ শ্রমিক কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমেছেন। এ কারণে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। চাঁওয়ের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দাবি মানার ব্যাপারে আশ্বাস দেওয়ায় তাঁরা বাড়ি ফিরে গেছেন। আগামীকাল রোববার তাঁরা কাজে যোগ দিতে রাজি হয়েছেন।

বেপজার বাণিজ্যিক ব্যবস্থাপক শ্যামল চন্দ্র তালুকদারের ভাষ্য, চাঁওয়ের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগের বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখবেন— এই আশ্বাসের পর শ্রমিকেরা আগামীকাল কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশার ভাষ্য, খবর পেয়ে সকাল আটটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শফিউল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।