কর্মকর্তার অভাবে এসি ল্যান্ডের ১২৬ পদ ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রীর কক্ষে বসা ছিলেন দুজন সাংসদ শাহাব উদ্দিন ও রেজাউল হক চৌধুরী। তাঁরা নিজ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)—এসি ল্যান্ড পদে কর্মকর্তা চাইলেন।

ওই সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান বলছিলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর সম্প্রতি ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে আরও অনেক পদ খালি রয়েছে। এগুলো পূরণের চেষ্টা চলছে। তিনি বলেন, কনিষ্ঠ কর্মকর্তার অভাবে এসব পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে এসি ল্যান্ডের মঞ্জুরিকৃত পদ আছে ৪৯৪টি। এর মধ্যে এখন পর্যন্ত এসি ল্যান্ডের ১২৬টি পদ শূন্য। শূন্য এসব পদে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। ফলে মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনের কাজে সমস্যা হচ্ছে। মানুষ ঠিকমতো সেবা পাচ্ছেন না। অথচ প্রশাসনের মধ্যম পর্যায়ের পদ উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে কর্মকর্তার সংখ্যা পদের চেয়ে অনেক বেশি।

ভূমিমন্ত্রীর কক্ষে উপস্থিত জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন বলেন, মাঠ পর্যায়ে একজন ইউএনওকে অনেক দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে আবার এসি ল্যান্ডের দায়িত্ব পালন করায় তাঁর মূল কাজে সমস্যা হয়। ফলে দুই কাজেই সমস্যা হয়। ওই সংসদ জানালেন, তাঁর নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ি উপজেলায় এসি ল্যান্ড নেই। এ সময় ভূমিমন্ত্রী তাঁকে একটি অনানুষ্ঠানিক পত্র (ডিও) দিতে বলেন।

কুষ্টিয়ার আরেক সাংসদ রেজাউল হক চৌধুরী জানান, তাঁর নিজ এলাকা দৌলতপুর উপজেলায় দেড় বছর ধরে এই পদে কর্মকর্তা দেওয়া হয় না। ভূমিমন্ত্রী তাঁকেও একটি ডিও দিতে বললেন।

প্রশাসন ক্যাডারের সহকারী সচিবেরা মাঠ পর্যায়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে যাঁরা একটু জ্যেষ্ঠ তাঁরা এসি ল্যান্ডের দায়িত্ব পালন করেন।