পাবনা মানসিক হাসপাতালে এক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার দুপুরে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এতে বহির্বিভাগের রোগীরা চরম দুর্ভোগে পড়েন।হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে এ কর্মবিরতি পালন করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন কর্মবিরতি পালন করা হবে এবং কর্মবিরতির সময় ক্রমে বাড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের অভিযোগ, গত রোববার সন্ধ্যায় হাসপাতালের সাইকিয়াট্রিস্ট সোসাল ওয়ার্কার মোজাহার আলীর কাছে মো. হারুন ও ফারুক হোসেন নামের দুই ব্যক্তি হাসপাতালে ঢোকার অনুমতি চান। সন্ধ্যার পর দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তিনি অনুমতি দিতে অসম্মতি জানান। এতে ওই দুই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মোজাহারের মাথা ও মুখে আঘাত করেন।আহত অবস্থায় মোজাহার আলীকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ সুপার জামিল আহম্মেদ গতকাল বিকেলে জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।