চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড কর্মকর্তা-১ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তার দায়িত্ব গ্রহণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ জুলাই এ পদে সিডিএর প্রকল্প পরিচালক মো. ইলিয়াসকে নিয়োগ দেয়। তবে এখন পর্যন্ত তিনি দায়িত্ব বুঝে পাননি।
সিডিএ সূত্র জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৬ জুলাই সিডিএর প্রকল্প পরিচালক মো. ইলিয়াসকে অথরাইজড কর্মকর্তা-১ পদে নিয়োগ দেয়। ওই দিন রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খন্দকার মনোয়ার মোর্শেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান অথরাইজড কর্মকর্তা-১ নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুর হাসানের পরিবর্তে প্রকল্প পরিচালক মো. ইলিয়াসকে অথরাইজড কর্মকর্তা-১ হিসেবে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ১২ জুলাই সিডিএ চেয়ারম্যানের কাছে যোগদানপত্র জমা দেন মো. ইলিয়াস। তবে এক মাস পার হলেও এখন পর্যন্ত তিনি অথরাইজড কর্মকর্তা-১ পদে দায়িত্ব বুঝে পাননি। এই পদে দায়িত্ব পালন করছেন মো. মঞ্জুর হাসান।
মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘১২ জুলাই আমি যোগদানপত্র জমা দিয়েছি। এখনো আমার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়নি।’ কী কারণে দায়িত্ব হস্তান্তর করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তা বলতে পারব না। বিষয়টি সিডিএ চেয়ারম্যান বলতে পারবেন।’
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘কাউকে বদলি ও নিয়োগ দেওয়ার ক্ষমতা মন্ত্রণালয়ের আছে। প্রতিষ্ঠার পর থেকে জ্যেষ্ঠ কর্মকর্তারা অথরাইজড কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। সে অনুযায়ী মন্ত্রণালয় অথরাইজড কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। তবে যাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি জুনিয়র একজন কর্মকর্তা। এ নিয়োগের ফলে সিডিএর দীর্ঘদিনের প্রচলিত রীতির ব্যতিক্রম হয়েছে।’ তিনি বলেন, আদেশ পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।
এদিকে সিডিএর চিঠির জবাবে ১০ আগস্ট মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব শ্যামলী নবীর সই করা চিঠিতে বলা হয়েছে, সিডিএর মতামতের ভিত্তিতে অথরাইজড কর্মকর্তা নিয়োগ করার প্রস্তাবটি বিবেচনার সুযোগ নেই।
এ প্রসঙ্গে মো. মঞ্জুর হাসান কোনো মন্তব্য করতে রাজি হননি।