কর্মকর্তার নির্দেশে সামাজিক বনায়নের ২০টি গাছ বিক্রি?
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ-শ্রীঘর সড়কের দুই পাশ থেকে বিভিন্ন প্রজাতির ২০টি মূল্যবান গাছ কেটে নেওয়া হয়েছে। উপজেলা বন কর্মকর্তার (ফরেস্টার) নির্দেশে গাছগুলো কেটে মোটা অঙ্কে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গতকাল বুধবার একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
১৯৯৬ সালে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় সলিমগঞ্জ-শ্রীঘর সড়কের দুই পাশে বেশ কিছু গাছ লাগানো হয়। সম্প্রতি ঝড়ে তিনটি গাছ পড়ে যায়। এই গাছগুলো সরানোর অজুহাতে উপজেলা বন কর্মকর্তা আবদুল মতিনের নির্দেশে বনায়ন প্রকল্পের লোকজন সড়কের উভয় পাশের ২০টি গাছ কেটে নেন।
আবদুল মতিন বলেন, ‘২০টি না, ১০টি গাছ কাটা হয়েছে। এর তিনটি ঝড়ে পড়া এবং সাতটি মরা গাছ। তবে উপজেলা বন সংরক্ষণ কমিটির অনুমতি নিয়েই গাছগুলো কাটা হয়েছে।’ তিনি দাবি করেন, গাছগুলো বিক্রি নয়, কেটে এক জায়গায় রাখা হয়েছে।