কর্মকর্তার প্রাণনাশের চেষ্টা মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদরে প্রায় ১৩ একর সরকারি ভূমি দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গার দুটি মেহগনিগাছ কেটে নিয়ে গেছে দখলদারেরা। বাধা দিতে গেলে সরকারি কর্মকর্তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দিলেও মামলা নিচ্ছে না পুলিশ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত শনিবার প্রথম আলোকে বলেন, হবিগঞ্জ শহরের পুরোনো খোয়াই নদীর উত্তর শ্যামলী এলাকায় বাবুল মিয়া নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে প্রায় ১৩ একর সরকারি জমি দখল করে একটি সংঘবদ্ধ চক্র। গত বুধবার চক্রটি ওই জায়গার দুটি মেহগনিগাছ কাটা শুরু করে। খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল কায়সার তাঁর কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমানকে ঘটনাস্থলে পাঠান। মজিবুর গাছগুলো কাটার কারণ জানতে চাইলে বাবুল ও তাঁর সঙ্গীরা জানান, ওই জায়গাটি তাঁরা ইজারা নিয়েছেন। কিন্তু এই দাবির পক্ষে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে গাছ কাটতে নিষেধ করলে দখলদারেরা কর্মকর্তা মজিবুরকে ধারালো অস্ত্র হাতে প্রাণনাশের চেষ্টা করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে পুলিশের সহযোগিতা চাইলে সদর মডেল থানার উপপরিদর্শক (এইআই) মো. মিজান দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। ততক্ষণে গাছ দুটি কেটে ফেলা হয়। গাছ দুটি জব্দ করতে চাইলে দখলদারেরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশকেও ধাওয়া দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।
এ ঘটনায় ওই দিন রাতেই বাবুল মিয়া ও সিরাজুল হক চৌধুরী এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে প্রাণনাশের চেষ্টার ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু গতকাল রোববার বিকেল পর্যন্ত পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল কায়সার প্রথম আলোকে জানান, ঘটনাটি নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের সঙ্গে তিনি কথা বলেছেন। এর পরও ওসি কী কারণে মামলা নিচ্ছেন না, তা তিনি বুঝে উঠতে পারছেন না।
ওসি নাজিম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছেন। এর তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।