ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ খাদ্যগুদাম কর্মকর্তা শান্তিরঞ্জন দাসের বিরুদ্ধে অবৈধভাবে গুদামে খাদ্যশস্য রেখে ব্যবসা (কেনাবেচা) করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওজনে কম দেওয়া ও অতিরিক্ত ডেলিভারি চার্জ (খালাস খরচ) নেওয়ার অভিযোগ উঠেছে।
৩০ জুন থেকে ১৭ আগস্ট ওই গুদামে খাতা-কলমে কোনো খাদ্যশস্য ভরা ও খালাস করা হয়নি। অথচ বাস্তবে কমপক্ষে ৪৫০ মেট্রিক টন খাদ্যশস্য খালাস করা হয়েছে। গুদাম কর্মকর্তা বলছেন, ওই খাদ্যশস্য তাঁর নয়, ব্যবসায়ীদের।
ভোলার কমপক্ষে পাঁচজন চাল ব্যবসায়ী বলেন, শশীভূষণ খাদ্যগুদাম কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতিদের কাছ থেকে ডিও কেনেন। সেই চাল পরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
১৭ আগস্ট সরেজমিনে দেখা যায়, শশীভূষণে চারটি গুদামের একটিতে চাল এবং আরেকটিতে গম আছে। বাকি দুটির একটিতে বস্তা ভরা ও অন্যটি খালি রয়েছে। ৪৫০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ৪ নম্বর গুদামের অর্ধেকের বেশি চাল ভরা বস্তায় বোঝাই। গুদামের প্রবেশপথে বা অন্য কোথাও সিটিজেন চার্টার নেই। ফলে সাধারণ মানুষ ও ছাড়পত্রধারীরা মাল ভরা ও খালাস খরচ সম্পর্কে জানতে পারছেন না।
ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, ৩০ জুন থেকে ১৭ আগস্ট পর্যন্ত চরফ্যাশন উপজেলার শশীভূষণ খাদ্যগুদামে ৩৬ মেট্রিক টন চাল ও ৬ মেট্রিক টন গম আছে। কাগজে-কলমে ওই গুদাম থেকে কোনো খাদ্যশস্য খালাস কিংবা ভরা হয়নি।
তবে প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, গত দেড় মাসে গুদাম থেকে কমপক্ষে ৪৫০ মেট্রিক টন চাল খালাস হয়েছে। ১৫ থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৩০ থেকে ২৫০ মেট্রিক টন চাল ভোলায় এসেছে। অভিযোগ আছে, গুদাম কর্মকর্তা শান্তিরঞ্জন দাস চাল ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন প্রকল্পের ছাড়পত্র (ডিও) ও চেয়ারম্যানদের কাছ থেকে ভিজিএফ, টিআর ও জিআরের খাদ্যশস্য কেনেন।
তবে গুদাম কর্মকর্তা শান্তিরঞ্জন দাস বলেন, তিনি খাদ্যশস্যের ব্যবসা (কেনাবেচা) করেন না। গুদামে যে চাল রয়েছে, সেই চাল ভোলার চাল ব্যবসায়ী জামাল উদ্দিন খানের। ভোলার ব্যবসায়ীরা বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন গুচ্ছগ্রামের প্রকল্প কমিটির সভাপতির (সিপিসি) কাছ থেকে এসব চাল কিনেছেন। সড়ক ও আবহাওয়া খারাপ থাকায় ব্যবসায়ীরা এগুলো আস্তে আস্তে নিচ্ছেন।
তবে জামাল উদ্দিন খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শশীভূষণ গুদামে আমাদের কোনো চাল ছিল না, নেইও।’
খাদ্যশস্যের ছাড়পত্র হওয়ার পরও সরকারি গুদামে খাদ্যশস্য রাখার নিয়ম আছে কি না—জানতে চাইলে শান্তিরঞ্জন দাস বলেন, ৩০ জুনের আগে ছাড়পত্র হওয়া খাদ্যই অলিখিত ও অনৈতিকভাবে বর্তমানে খালাস হচ্ছে। কারণ এসব ব্যবসায়ী প্রভাবশালী।
গুদাম কর্মকর্তা শান্তিরঞ্জন দাস ত্রাণের চাল সরবরাহের সময় ওজনে কম দেন। সরকার খাদ্যগুদামে যে ডিজিটাল স্কেল (মাপযন্ত্র) দিয়েছে, তিনি সেটি ব্যবহার না করে অ্যানালগ স্কেল ব্যবহার করেন। তবে কেউ চাপাচাপি করলে ডিজিটাল স্কেল ব্যবহার করেন।
ভোলা অটোরাইস মিলের ব্যবস্থাপক আবদুল হাই বলেন, তাঁরা গুদামের কাছে চাল বিক্রির পাশাপাশি ভিজিডির চালে পুষ্টি মেশানোর কাজ করে থাকেন। জুলাই মাসে চাল দেওয়ার সময় শশীভূষণ গুদামের কর্মকর্তা শান্তিরঞ্জন দাস ইচ্ছা করে ২৭ হাজার ৯০০ বস্তায় ৬১৫ গ্রাম করে প্রায় ১৭ মেট্রিক টন ১৮৫ কেজি চাল কম দিয়েছেন। তাঁরাও বাধ্য হয়ে ভিজিডির চালের বস্তায় ৩০ কেজি ৩১৫ গ্রামের পরিবর্তে ২৯ কেজি ৭০০ গ্রাম চাল দিয়েছেন। এভাবে তিনি সবাইকে ত্রাণের চাল কম দেন।
আবদুল হাই অভিযোগে বলেন, ‘শশীভূষণ খাদ্যগুদামে সরকারি নিয়মে এক টন চাল খালাসের খরচ ২৮০ টাকা। বাস্তবে গুদামে খাদ্য খালাস করতে টনপ্রতি খরচ নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। শুনেছি, ওই বাড়তি টাকা থেকে গুদাম কর্মকর্তা ভাগ পান।’
উপজেলার মুজিবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, ঢালচর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার, নজরুলনগর ইউপির চেয়ারম্যান মো. রুহুল আমিন, কুকরি-মুকরি ইউপির সচিব মো. মোজাম্মেল হক, মুজিবনগর ইউপির সচিব জহিরুল ইসলাম টনপ্রতি ৩৫০ টাকা করে খালাস খরচ নেওয়ার অভিযোগ করেন।
বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) মো. মহসিন বলেন, ছাড়পত্র হওয়ার পর গুদামে খাদ্যশস্য স্থির থাকার কোনো সুযোগ নেই; থাকলেও যথেষ্ট কারণের প্রমাণপত্র দেখাতে হবে। তিনি আরও বলেন, ডিজিটাল স্কেলের পরিবর্তে অ্যানালগ স্কেলে খাদ্য মাপের অভিযোগ পেয়ে তিনি কিছুদিন আগে শশীভূষণ গুদাম পরিদর্শন করে গুদাম কর্মকর্তাকে সতর্ক করেছেন। অন্যদিকে ছাড়পত্রধারীকেই মাল বুঝে নেওয়া ও খালাস খরচ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে।
গুদাম কর্মকর্তা শান্তিরঞ্জন দাস বলেন, তিনি খাদ্যশস্য ওজনে কম দেওয়ার সঙ্গেও জড়িত নন।
আপনার গুদামে খাদ্য খালাস খরচ কেন বেশি নিচ্ছেন—প্রশ্ন করলে ওই কর্মকর্তা বলেন, ‘গত অর্থবছরে টনপ্রতি খাদ্য খালাসের খরচ ছিল ২৮০ টাকা। এ বছর আরও ৫ টাকা কমতে পারে। কেন বেশি খরচ নেওয়া হচ্ছে, সেটা শ্রম ও চালনা ঠিকাদার বলতে পারবেন। আমি এ ব্যাপারে কিছুই জানি না।’
শশীভূষণ খাদ্যগুদামের শ্রম ও চালনা ঠিকাদার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। তিনি বলেন, তিনি নামমাত্র ঠিকাদার। দলীয় লোকজন এটি পরিচালনা করেন। টনপ্রতি কত খরচ নেন, তাঁরাই বলতে পারেন।