প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৌড়িখাড়া খালে যাত্রীবাহী ট্রলার ডুবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা। শহিদুল ইসলাম নেছারাবাদ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার কৌড়িখাড়া গ্রামের বাসিন্দা। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, গতকাল সকাল ৭টা ২০ মিনিটের সময় কৌড়িখাড়া খেয়াঘাট থেকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি স্বরূপকাঠি যাচ্ছিল। পথে কৌড়িখাড়া খালের মোহনায় বিপরীত দিক দিয়ে আসা একটি কাঠবোঝাই ট্রলারের ধাক্কায় সেটি ডুবে যায়। এ সময় শহিদুল ইসলাম ছাড়া বাকি সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে শহিদুল ইসলামের লাশ উদ্ধার করে।
পিরোজপুর প্রতিনিধি