কর্মকর্তার যোগদান ঠেকাতে পালা করে শিক্ষকদের পাহারা
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যোগদান ঠেকাতে পালা করে পাহারা দিচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে গত তিন ধরে শিক্ষকদের এ অবস্থান কর্মসূচি চলছে।
শিক্ষকদের অভিযোগ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের আচরণ ও কর্মকাণ্ড নিয়ে অনেক অভিযোগ আছে। তাঁর নিয়োগ আদেশ বাতিল না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মৌলভীবাজারের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালাকে খাগড়াছড়িতে বদলি করে। আর খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামকে মৌলভীবাজারে বদলির আদেশ দেয়। সিরাজুল ইসলাম মৌলভীবাজারে যোগ দিচ্ছেন এ খবর পেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষকেরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন।
মৌলভীবাজারের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আহসান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে গত ২৯ নভেম্বর থেকে শিক্ষকেরা জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ভবনের প্রবেশমুখে পালা করে অবস্থান শুরু করেছেন। গতকাল মঙ্গলবার ছিল অবস্থানের তৃতীয় দিন। নতুন শিক্ষা কর্মকর্তা এখনো যোগ দেননি। অবস্থান কর্মসূচিতে জেলার সাত উপজেলা থেকেই শিক্ষকেরা যোগ দিচ্ছেন।
শিক্ষক সমিতির মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ কুমার ভট্টাচার্য গতকাল মঙ্গলবার বলেন, সিরাজুল ইসলাম খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা হলেও সেখানকার শিক্ষকদের প্রতিরোধের কারণে তিনি কর্মস্থলে যোগ দিতে পারেননি। তিনি শিক্ষা অধিদপ্তরে ওএসডি হয়ে ছিলেন। এর আগে তিনি যত জায়গায় চাকরি করেছেন সমস্যা হয়েছে। তাঁর বিরুদ্ধে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ আছে। সিরাজুল ইসলামের নিয়োগ আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে নতুন বদলি হওয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, ‘তাঁরা (শিক্ষকেরা) আমাকে জানলেন না, দেখলেন না। এরপরও এসব কথা বলছেন।’ তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের আদেশে তিনি গত রোববার কর্মক্ষেত্রে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কার্যালয়ের সামনে শিক্ষকেরা অবস্থান করছিলেন। তাই ফিরে এসেছেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন। কর্তৃপক্ষ অপেক্ষা করতে বলেছে।