কর্মকর্তার সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পর্যায়ে একজন শিক্ষা কর্মকর্তা ও পাঁচজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুরে আছেন মাত্র একজন। এ ছাড়া শিক্ষা কার্যালয়ের কয়েকটি পদ শূন্য। এ কারণে উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুষ্ঠু পাঠদান কার্যক্রম পরিচালনায় সহায়তা ও বিভিন্ন বিষয়ে তদারকির জন্য উপজেলার নয়টি ইউনিয়নকে পাঁচটি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে একজন করে সহকারী থানা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও পাঁচটিতে আছেন মাত্র একজন। তাঁর নাম খোরশেদ আলম। বাকি চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। গত ১০ জুলাই থানা শিক্ষা কর্মকর্তা মো. সোরহাব খান বদলি হয়ে ফরিদপুরের চরভদ্রাসনে গেলে এ পদটি শূন্য হয়। এ ছাড়া উচ্চমান সহকারীর একমাত্র পদ ও অফিস সহকারীর একটি পদ খালি। এ অবস্থায় ১০ বছর ধরে স্থানীয় একজনকে দিয়ে অফিস সহকারীর কাজ করানো হচ্ছে। তাঁর বেতন দেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে চাঁদা তুলে। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, কর্মকর্তা না থাকায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সুষ্ঠু পাঠদান ও দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটছে। এ অবস্থা চলতে থাকলে প্রাথমিক শিক্ষায় পিছিয়ে পড়বে হাওরবাসী।উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম বলেন, বিদ্যালয়গুলোতে এখন ল্যাপটপ, প্রজেক্টর ও স্পিকার দিয়ে পাঠদান করা হয়। কিন্তু কর্মকর্তা না থাকায় এসব কার্যক্রমে শিক্ষকেরা সহযোগিতা পাচ্ছেন না। তবে খোরশেদ আলম বর্তমানে ভারপ্রাপ্ত থানা শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। খোরশেদ আলম বলেন, ‘দুর্গম এই উপজেলায় দাপ্তরিক কর্মকাণ্ড করে বিদ্যালয় পরিদর্শন একটু কঠিন। তবুও অর্পিত দায়িত্ব পালনে সব ধরনের চেষ্টা করছি।’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক (ডিডি) আবদুর রহমান বলেন, কর্মকর্তাসংকটে তাহিরপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না।