কর্মকর্তার স্বাক্ষর জাল কৃষক জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে সহকারী কমিশনারের (এসিল্যান্ড) স্বাক্ষর জাল করে জমি খারিজ করার অভিযোগে আনছার আলী (৫০) নামে এক কৃষককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে ডেকে এনে তাঁকে পুলিশের হাতে তুলে দেন এসিল্যান্ড এম জে আরিফ বেগ।
স্বাক্ষর জালিয়াতির ঘটনায় ওই দিন রাতে উপজেলার লালবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা লিয়াকত আলী ওই কৃষককে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা করেছেন। গতকাল বুধবার কৃষক আনছার আলীকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
তবে কৃষক আনছার আলী নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন, তিনি স্বাক্ষর জালিয়াতির বিষয়ে কিছুই জানেন না। দুই হাজার টাকার বিনিময়ে জমি খারিজের ওই কাগজপত্র নয় মাস আগে তাঁকে দিয়েছিলেন লালবাড়ি ইউনিয়নের তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুর রহিম।
অবশ্য আবদুর রহিম মুঠোফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ তবে তিনি আনছার আলীকে একজন সহজ-সরল ও ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করেন।
জানা গেছে, উপজেলার বানিয়াপাড়া গ্রামের আনছার আলী তাঁর স্ত্রী আফজন নেছার নামে থাকা খাগড়াবন্দ মৌজার ১৫৫২ দাগের ০৮ শতক জমি খারিজ করার জন্য কাগজপত্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুর রহিমকে দেন। তাঁর অভিযোগ, গত বছরের ২২ নভেম্বর তৎকালীন এসিল্যান্ড মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষরসংবলিত খারিজের কাগজপত্র আবদুর রহিম তাঁকে দেন। পরে আফজন নেছা ওই জমি প্রতিবেশী মাজেদা খাতুনের কাছে বিক্রি করেন।
জানা গেছে, মাজেদা খাতুনের স্বামী মোকছেদ আলী গত মঙ্গলবার উপজেলা ভূমি কার্যালয়ে ওই জমি খারিজ করতে গেলে আগের খারিজের কাগজপত্রে এসিল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে।
আরিফ বেগ বলেন, ২০১১ সালের ৫ অক্টোবর নজরুল ইসলাম বদরগঞ্জ থেকে বদলি হয়ে যান। অথচ খারিজের কাগজপত্রে দেখা যায় গত বছরের ২১ নভেম্বর নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই স্বাক্ষর জালিয়াতির ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।