চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের আওতাধীন বিভিন্ন দপ্তরে কর্মকর্তার ১৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এতে প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে। দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পরিষদে ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত মিলে কর্মকর্তার মোট ২৬টি পদের মধ্যে ১৪টি পদ শূন্য রয়েছে। ক্যাডারভুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ তিন মাস, সহকারী কমিশনারের (ভূমি) পদ ছয় বছর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ পাঁচ বছর, উপজেলা ভ্যাটেরিনারি সার্জনের পদ চার বছর এবং উপজেলা মৎস্য কর্মকর্তার পদ চার বছর ধরে খালি। নন-ক্যাডারভুক্ত উপজেলা প্রকৌশলীর (এলজিইডি) পদ দুই বছর, জনস্বাস্থ্য প্রকৌশলীর পদ পাঁচ বছর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পদ সাত বছর, উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ চার বছর, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার পদ সাত বছর, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদ ছয় বছর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার পদ পাঁচ বছর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ তিন বছর এবং উপজেলা বন কর্মকর্তার পদ আট বছর ধরে খালি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গুরুত্বপূর্ণ এসব পদ দীর্ঘ সময় ধরে শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা বিরাজ করছে। জরুরি অনেক ফাইল ও নথিপত্রে সময়মতো সই হয় না। সার্বিক কাজকর্ম হয়ে পড়েছে গতিহীন। ফতেপুর গ্রামের চাষি ওয়াদুদ মিয়া জানান, ভূমিসংক্রান্ত নামজারি ও জমি খারিজের কাজে এসি (ল্যান্ড) অফিসে এক মাস ঘোরাঘুরি করেও কাজ হয়নি। লুধুয়া গ্রামের ব্যবসায়ী আলী হোসেন জানান, একটি নলকূপের জন্য জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসে বারবার ধরনা দিয়েও অফিসারের হদিস পাওয়া যায়নি। পরে জানা গেল এখানে কোনো অফিসারই নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) হাসান মাহমুদ এসব শূন্য পদের সত্যতা নিশ্চিত করে বলেন, শূন্য পদগুলোয় লোক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।