টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলে আপত্তি
কর্মকর্তারা আন্দোলনে যাচ্ছেন, আজ কলেজ শিক্ষকদের কর্মবিরতি
সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হলেও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় কর্মচারীদের একাংশের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সচিবালয়সহ বিভিন্ন স্তরের, বিশেষ করে নিচের স্তরের কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, এর ফলে তাঁরা আর্থিকভাবে ও মর্যাদার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন।
প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডার বাদে বাকি ২৬টি ক্যাডারসহ বিভিন্ন কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সমন্বয় কমিটিও মনে করছে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলে বেতনবৈষম্য বাড়বে। এ জন্য সংগঠনটির নেতারা গতকাল বুধবার গণপূর্ত অধিদপ্তরে সভা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালসহ কয়েকটি দাবিতে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছেন। কমিটির প্রচার সম্পাদক ও তথ্য ক্যাডারের কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া প্রথম আলোকে এ তথ্য জানান।
ওই সভায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের জন্য প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তাকে দোষারোপ করা হয় বলে জানা যায়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা (অধিকাংশই কলেজশিক্ষক) সিলেকশন গ্রেড বাদ দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দেশের সব সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হবে।
সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, কর্মবিরতি চলাকালে তাঁরা বিসিএস পরীক্ষা ছাড়া কলেজের কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না। তিনি বলেন, বাধ্য হয়েই তাঁরা আন্দোলনে যাচ্ছেন। কারণ, কলেজের অধ্যাপকেরা চতুর্থ গ্রেডের কর্মকর্তা হলেও সিলেকশন গ্রেডের জন্য এত দিন কিছুসংখ্যক অধ্যাপক
গ্রেড-৩ পেয়েছেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় এখন এটাও বন্ধ হয়ে গেল। এ ছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষকেরা গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেটা না করে আরও কমানো হলো। সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষা দপ্তরে শিক্ষা ক্যাডারে এখন মোট কর্মকর্তা প্রায় ১৪ হাজার।
ঠিক সময়ে পদোন্নতি না হওয়ায় এবং পদোন্নতির সুযোগ না থাকায় এত দিন নির্ধারিত সময় পর কর্মচারীদের টাইম স্কেল ও কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। এর ফলে একজন চাকুরে পদোন্নতি না পেলেও আর্থিক সুবিধা পেতেন এবং অনেকের গ্রেড পরিবর্তন হয়ে মর্যাদা বাড়ত। কিন্তু গত সোমবার এই টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর স্কেল বাদ দিয়ে মন্ত্রিসভা অষ্টম বেতন স্কেল অনুমোদন করে। এটি বাতিল ঘোষণার পর থেকেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তাঁদের ভাষায়, এই বেতন স্কেলে ওপরের স্তরের কর্মকর্তারা খুশি হলেও তাঁরা অখুশি। তবে বাংলা নববর্ষ ভাতাসহ আরও কিছু উদ্যোগকে সবাই ইতিবাচক হিসেবে দেখছেন।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়ার যুক্তি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন স্কেলে মূল বেতনের শতকরা হারে বার্ষিক প্রবৃদ্ধি (ইনক্রিমেন্ট) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে চাকুরেরা টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মাধ্যমে যে আর্থিক সুবিধা পেতেন, তার চেয়ে বেশি পাবেন।
সচিবালয়ে কর্মরত একটি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সহকারী সচিব প্রথম আলোকে বলেন, যদি নিয়ম মেনে সবাইকে পদোন্নতি দেওয়া হতো, তাহলে এটা মানা যেত। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে সময়মতো যেমন পদোন্নতি হয় না, তেমনি নিয়মেরও ব্যত্যয় ঘটে।
সচিবালয়ের বাইরে অফিসগুলোতেও একই চিত্র। রাজধানীর একটি হাসপাতালের একজন মেডিকেল টেকনোলজিস্ট প্রথম আলোকে বলেন, তাঁরা যে পদে আছেন, সেখান থেকে পদোন্নতির সুযোগ নেই (ব্লক পদ)। এত দিন টাইম স্কেল পাওয়ার কারণে আর্থিক সুবিধা পেতেন, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেল। শতকরা হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি দেওয়ার সিদ্ধান্ত হলেও এর ফলে ওপরের স্তরের কর্মকর্তাদের সঙ্গে তাঁদের বেতন বৈষম্য বাড়বে।
কয়েকজন কর্মচারী প্রথম আলোকে বলেন, কর্মকর্তাদের চেয়ে নিচের স্তরের পদের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারও অনেক কম হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সিলেকশন গ্রেড বহাল রাখার দাবিতে আন্দোলনে রয়েছেন। গতকালও একাধিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। শিক্ষকদের বক্তব্য হলো, সিলেকশন গ্রেড শুধু আর্থিক সুবিধার বিষয় নয়, মর্যাদার বিষয়ও।