আশুলিয়া থানার যাত্রা শুরু হয় ২০০৫ সালে। ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশের একটি তিনতলা ভবনে চলছে এর কার্যক্রম। থানার কার্যক্রম পরিচালনার জন্য ভবনটি ভাড়া নেওয়া হলেও এর দ্বিতীয় ও তৃতীয় তলায় বসবাস করছেন থানার কর্মকর্তা ও কনস্টেবলরা। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শোয়ার কক্ষে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। এটির বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় সরকারি কোষাগার থেকেই। থানায় গিয়ে দেখা যায়, থানা ভবনে ঢুকতেই নিচতলায় হাতের ডানে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়। বাঁ পাশে বড় একটি কক্ষে বসেন ডিউটি অফিসার। ওসির কক্ষের সঙ্গেই হাজতখানা। ওসি ও ডিউটি অফিসারের কক্ষের পরই বড় একটি কক্ষের এক কোণে বসেন থানার দ্বিতীয় কর্মকর্তা। আর এক কোণে বসেন কম্পিউটার অপারেটর। এর পরই পরিদর্শকের (তদন্ত) কক্ষ।দ্বিতীয় তলার পশ্চিম পাশে বড় একটি কক্ষে থাকেন ওসি। কক্ষটিতে বাসাবাড়ির প্রায় সব সুযোগ-সুবিধা আছে। কক্ষটির পশ্চিম পাশের দেয়ালে লাগানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ওসির কক্ষের পূর্ব পাশে আরও তিনটি কক্ষে থাকেন থানার আরও কয়েকজন কর্মকর্তা। এই চারটি কক্ষের সামনে বারান্দার মতো ফাঁকা জায়গায় থাকেন বেশ কয়েকজন কনস্টেবল। এ ছাড়া তৃতীয় তলার পুরোটাই দখলে রেখেছেন কনস্টেবলরা। তাঁদের ঘুমানোর জন্য এই তলায় আছে ছোট ছোট ৫০টি বিছানা। আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, ভবনটির মাসিক ভাড়া ৪২ হাজার ৯০০ টাকা। গত জুন মাসে বিদ্যুৎ বিল হয়েছে ২৬ হাজার টাকা। ভাড়া ও বিদ্যুৎ বিলের সমুদয় অর্থ পরিশোধ করা হয় সরকারি কোষাগার থেকেই। থানা ভবনে থাকলেও ওসিসহ অন্য কর্মকর্তাদের বাসা ভাড়া কর্তন করা হয় না। ভবনের মালিক আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি চেকের মাধ্যমে প্রতি মাসে ভবনের ভাড়া দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী সরকারি অর্থে ভাড়া করা ভবন বা সরকারি কোয়ার্টারে বসবাস করলে তাঁর বেতন থেকে ভাড়া কর্তন করে সরকারের ভান্ডারে জমা দিতে হয়। এসি ব্যবহার ও সরকারি ভান্ডার থেকে বিল পরিশোধ প্রসঙ্গে জানতে চাইলে ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানো হয় ২০০৬ সালে। পোশাক কারখানার মালিকেরা তৎকালীন ওসিকে এটি উপহার দিয়েছিলেন। সেই থেকে ওই কক্ষে এসি ব্যবহার হয়ে আসছে। আমি ২০০৯ সালের নভেম্বর মাসে এখানে (আশুলিয়া থানায়) যোগ দিয়ে এটি ব্যবহার করছি।’ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সুবিধামতো জমি না পাওয়ায় থানার নিজস্ব ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আর জায়গার অভাবে কর্মকর্তা ও কনস্টেবলরা দ্বিতীয় ও তৃতীয়তলা ব্যারাক হিসেবে ব্যবহার করছেন। তবে পরিদর্শক পদমর্যাদার কোনো কর্মকর্তা সরকারি অফিস অথবা সরকারি বাসভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে পারেন না। থানা হিসেবে ভাড়া নেওয়া ভবনে বসবাস করলেও মাসিক বাড়ি ভাড়া কর্তন করে সরকারি কোষাগারে জমা না করা এবং সরকারিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।