কর্মকর্তারা থাকেন ভাড়া বাসায়, ভবনে অপরাধীদের আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছর ধরে খালি পড়ে আছে গাইবান্ধা শহরের বাংলাবাজারে সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত চারটি আবাসিক ভবন (কোয়ার্টার)। কর্মকর্তারা ভাড়া বাসায় থাকেন বলে ভবনগুলো পরিত্যক্ত। সেগুলোয় রাতের বেলা মাদক ব্যবসা, জুয়া খেলা ও অসামাজিক কার্যকলাপ চলে। এ ছাড়া পরিত্যক্ত থাকায় এগুলোর দরজা-জানালাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে।গণপূর্ত বিভাগের গাইবান্ধা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে চার একর জমিতে ভবন চারটি নির্মাণ করা হয়। এখানে ললিতা, নন্দিতা ও উত্তরা নামে তিনটি দ্বিতল এবং সবিতা নামে একটি তিনতলা ভবন রয়েছে। এসব ভবনে একসময় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন কার্যালয়ের ১৮ জন কর্মকর্তার পরিবার বাস করত। ১৯৯৫ সাল থেকে এখানে আর কোনো কর্মকর্তার পরিবার বাস করছে না। গাইবান্ধা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সামাদ বলেন, ‘কোয়ার্টারগুলোর প্রাচীর ঘেঁষে আমার বাড়ি। একসময় এগুলোয় কর্মকর্তারা বাস করায় এলাকার পরিবেশ ভালো ছিল। প্রশাসনের উদ্যোগের অভাবে ১৭ বছর ধরে কোয়ার্টারগুলো ফাঁকা পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের দরজা, জানালা, লোহার পাইপসহ মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে।’শহরের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী তামজিদুর রহমান জানান, প্রশাসনের গাফিলতির কারণে ফাঁকা ভবনে নানা অপরাধ সংঘটিত হচ্ছে; বিশেষ করে সন্ধ্যার পর মাদকদ্রব্য বেচাকেনা শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে লোকজন এখানে এসে হেরোইন, ফেনসিডিল ও গাঁজা সেবন করছে। চলছে অসামাজিক কার্যকলাপ।নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, সরকারি কোয়ার্টারে থাকলে মাসিক মূল বেতনের ৪০ শতাংশ টাকা কেটে রাখা হয়। এ হিসাবে একজন কর্মকর্তার বেতন স্কেল ২০ হাজার টাকা হলে বাসাভাড়া বাবদ আট হাজার টাকা কেটে রাখা হয়। অপর দিকে, গাইবান্ধায় এর চেয়ে কম টাকায় ভালো ভাড়া বাসা পাওয়া যায়।গণপূর্ত বিভাগের গাইবান্ধা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা জানান, সরকারি ভবন নির্মাণ ও মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের। সেখানে বসবাসের বিষয় নির্ভর করে জেলা প্রশাসনের ওপর। এ ছাড়া জেলা প্রশাসক সরকারি বাসা বরাদ্দ কমিটির সভাপতি। ওই ভবনগুলোয় কর্মকর্তাদের বসবাসের বিষয়ে জেলা সমন্বয় কমিটির সভায় একাধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি আরও জানান, কোয়ার্টারগুলোয় নৈশপ্রহরী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অপরাধীরা এত বেপরোয়া যে এখানে কোনো নৈশপ্রহরী কাজ করতে পারবেন না।জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’